
জীবনের আসল সুখ লুকিয়ে থাকে সন্তুষ্টিতে…
তিন দিন আগে, একটি বিশেষ কাজে লং আইল্যান্ড যাচ্ছিলাম। পথের ধারে হঠাৎ এক ভদ্রমহিলাকে দেখে গাড়ির গতি কমিয়ে একপাশে পার্ক করলাম। হুইলচেয়ারে বসে থাকা নারীটির দিকে তাকিয়ে লক্ষ্য করলাম, তাঁর দুটি পা নেই। প্রথমে মনে হয়েছিল, হয়তো তিনি কারও সাহায্যের অপেক্ষায় আছেন।
কিন্তু কয়েক মুহূর্পতের পর্যবেক্ষণ আমার সেই ধারণা বদলে দিল।
তিনি অত্যন্ত স্বাভাবিক ও স্বাচ্ছন্দ্যভরে বাসের জন্য অপেক্ষা করছিলেন। হাতে থাকা ফোনে কারও সঙ্গে কথা বলছিলেন, আর তাঁর মুখে ছিল এক অনাবিল স্বস্তির ছাপ। তাঁকে দেখে মনে হয়নি, জীবনের সীমাবদ্ধতা নিয়ে তিনি কোনো অভিযোগে ডুবে আছেন। বরং নিজের মতো করে, নিজের ছন্দে জীবনকে উপভোগ করছিলেন।
দৃশ্যটি হয়তো খুব সাধারণ, কিন্তু আমার কাছে তা ছিল অসাধারণ এক জীবনপাঠ।
আমরা কত সহজেই সামান্য অপ্রাপ্তিতে হতাশ হয়ে পড়ি! যা নেই, তার হিসাব করতে গিয়ে যা আছে, তার সৌন্দর্যটুকুও ভুলে যাই। অন্যের জীবনের সঙ্গে নিজের জীবনকে তুলনা করি, আর নিজের প্রাপ্তির আনন্দকে নিজের অজান্তেই ম্লান করে দিই।
অথচ জীবনের প্রকৃত সুখ সবকিছু পাওয়ার মধ্যে নয়, বরং যা আছে, তার মধ্যে আনন্দ খুঁজে নেওয়ার মধ্যেই।
সেদিন সেই অপরিচিত নারী আমাকে মনে করিয়ে দিলেন—শরীরের সীমাবদ্ধতা জীবনের সব আনন্দকে সীমাবদ্ধ করে দিতে পারে না। জীবনের প্রতিকূলতা সব সময় আমাদের থামিয়ে দিতে পারে না; অনেক সময় আমাদের দৃষ্টিভঙ্গিই নির্ধারণ করে, আমরা কীভাবে বাঁচব।
সুখী হতে হলে জীবনে সবকিছু থাকা জরুরি নয়; যা আছে, তার মূল্য বুঝতে পারাটাই জরুরি।
সৃষ্টিকর্তা আমাদের প্রত্যেককে ভিন্নভাবে জীবন দিয়েছেন। কারও জীবনে প্রাচুর্য আছে, কারও জীবনে সীমাবদ্ধতা; কারও প্রাপ্তি চোখে পড়ার মতো, কারও সংগ্রাম নীরব। তবু প্রতিটি জীবনেরই নিজস্ব সৌন্দর্য আছে, যদি আমরা তা অনুভব করতে শিখি।
আমার উপলব্ধি—সন্তুষ্টি মানে স্বপ্ন দেখা বন্ধ করে দেওয়া নয়, কিংবা নিজের উন্নতির চেষ্টা ছেড়ে দেওয়া নয়। সন্তুষ্টি হলো, সামনে এগিয়ে যাওয়ার আকাঙ্ক্ষা রেখেও বর্তমানের প্রাপ্তিগুলোর জন্য কৃতজ্ঞ থাকতে শেখা।
জীবন প্রতিদিনই আমাদের কিছু না কিছু শেখায়। কখনো পরিচিত মানুষের কাছে, কখনো কোনো বইয়ের পাতায়, আবার কখনো লং আইল্যান্ডের রাস্তার ধারে দেখা এক অপরিচিত মানুষের নীরব জীবনযাপনে।
সেদিনের সেই অচেনা নারী হয়তো জানেনও না, তাঁর কয়েকটি মুহূর্ত আমার ভাবনার জগতে কত বড় একটি উপলব্ধি এনে দিয়েছে।
জীবনের আসল সুখ প্রাচুর্যে নয়, সন্তুষ্টিতে; শান্তি সবকিছু পাওয়ার মধ্যে নয়, যা পেয়েছি তার জন্য কৃতজ্ঞ হতে শেখার মধ্যে।
শাহ’র লেখালেখি | শব্দের আশ্রয়ে যাত্রা।
ভালো থাকবেন, ভালোবাসবেন।


