
টেইলস অব রেভ্যুল্যুশন: যুক্তরাষ্ট্রে বাংলাদেশি-আমেরিকানদের জুলাই স্মরণ
জুলাই বিপ্লবের চেতনা সমৃদ্ধ নতুন বন্দোবস্তের আলোকে এক নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ের মধ্য দিয়ে গতকাল রোববার যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের অস্টিনে বিপুল উদ্দীপনায় জুলাই বিপ্লবের বার্ষিকী উদযাপন করলেন বাংলাদেশি-আমেরিকানরা। উদযাপনের অংশ হিসেবে জুলাই বিপ্লবের মিউজিক, ডকুমেন্টারি প্রদর্শন, বিপ্লবে নেতৃত্বদানকারী ছাত্র নেতৃবৃন্দের বক্তব্য, আন্দোলনে বিভিন্নভাবে ভূমিকা রাখা প্রবাসী তথা যুক্তরাষ্ট্রে বসবাসরত জুলাই বিপ্লবের নেত্রবৃন্দের স্মৃতিচারণ ছিল উল্লেখযোগ্য।
বাণিজ্য, জ্বালানি, কূটনীতি ও উন্নয়ন বিষয়ে যুক্তরাষ্ট্র-বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে নিবেদিত স্থানীয় বাংলাদেশি-আমেরিকান থিঙ্কট্যাঙ্ক প্রতিষ্ঠান ইউএস বাংলাদেশ ইউনিটি ইনিশিয়েটিভ (ইউবিইউআই)-এই উদযাপনের আয়োজন করে। প্রতিষ্ঠার পর থেকে এই প্ল্যাটফর্মটি যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্ক উন্নয়নে বিশেষজ্ঞ পর্যায়ের ভূমিকা রাখছে, বিশেষ করে যুক্তরাষ্ট্রের সঙ্গে সাম্প্রতিক বাণিজ্য আলোচনায় ট্যারিফ বিষয়ক এই প্রতিষ্ঠানের গবেষণা ইনপুট সহযোগী ভূমিকা রেখেছে এবং প্রতিষ্ঠানটি যুক্তরাষ্ট্রে বাংলাদেশি বাণিজ্য টিমের স্বেচ্ছাসেবী-সহায়ক হিসেবে কাজ করেছে।
অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় নির্মিত যুব সমাজের সাহস ও দৃঢ় বিশ্বাসকে উৎসর্গকৃত চলচ্চিত্র ‘জুলাই আপরাইজিং’ বা ‘শ্রাবণ বিদ্রোহ’ প্রদর্শন করা হয়। উদ্বোধনী বক্তৃতায় ভার্চ্যুয়ালি যুক্ত হন এবং ‘শ্রাবণ বিদ্রোহ’ চলচ্চিত্রটি সম্পর্কে পরিচিতিমূলক বক্তব্য রাখেন জুলাই বিপ্লবের অন্যতম পথ প্রদর্শক এবং বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম। উদ্বোধনী পর্বে আরও বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্রে বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ডিএম সালাহউদ্দীন মাহমুদ।
অনুষ্ঠানে ‘আন্দোলনের কণ্ঠস্বর’ পর্যায়ে ভিডিও রেকর্ডেড বক্তব্য রাখেন অন্যতম জুলাইযোদ্ধ্বা ন্যাশনাল সিটিজেন পার্টি’র (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, বিএনপি’র পররাষ্ট্র বিষয়ক কমিটির বিশেষ সহকারী ইস্রাফিল খসরু, এনসিপি’র যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ, জুলাই আন্দোলনের ছাত্র সংগঠক সাদিক কায়েম এবং বৈষ্যম্যবিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি রিফাত রশীদ।
এ ছাড়া সশরীরে উপস্থিত স্থানীয় হিউস্টন নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন ড. মিল্টন রহমান, নির্বাহী পরিচালক, কাউন্টি ইঞ্জিনিয়ার, হ্যারিস কাউন্টি; ড. নিজাম মিয়া, চিকিৎসক ও কমিউনিটি নেতা; ড. মকসুদ রহমান, সহকারী অধ্যাপক, ইউনিভার্সিটি অব হিউস্টন, হিউস্টন প্রবাসী তরুণ নেতা দেওয়ান সায়ীদ, ড. শেখ ইসলাম, ড. আমিরুল ইসলাম, ড. ইকবাল মাহমুদ ও এমরান গাজী প্রমুখ।
অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল দু’টি প্যানেল আলোচনা, যেখানে জুলাই আন্দোলনের অন্যতম শরিকরা নতুন বন্দোবস্ত নিয়ে নিজেদের ভাবনা তুলে ধরেন। ‘স্ক্রিপ্ট পুনঃ লিখন: ভবিষ্যৎ রাজনীতি ও নতুন বাংলাদেশ’-শীর্ষক প্রথম প্যানেলে অংশ নেন ড. আসিফ শাহান; অধ্যাপক, উন্নয়ন অধ্যয়ন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়; সায়ীদ আবদুল্লাহ, সাংবাদিক ও অ্যাক্টিভিস্ট; ফাহাম আবদুস সালাম, লেখক; ড. নাকিবুর রহমান, অধ্যাপক, ফাইন্যান্স, ইউনিভার্সিটি অব নর্থ ক্যারোলিনা; এহতেশাম হক, সেন্ট্রাল জয়েন্ট কনভেনার, এনসিপি এবং মানবাধিকার কর্মী ও এনসিপি’র জয়েন্ট কনভেনর সুলতান জাকারিয়া।
দ্বিতীয় প্যানেলে আলোচনার বিষয় ছিল ‘সীমানার বাইরে ক্ষমতা: পরিবর্তনশীল বৈশ্বিক ব্যবস্থায় প্রবাসী বাংলাদেশিদের প্রভাব।’ এতে অংশ নেন রাইট টু ফ্রিডম-এর প্রেসিডেন্ট ও সাবেক মার্কিন কূটনীতিক জন ড্যানিলোভিচ, জর্জিয়া স্টেট্ ইউনিভার্সিটির ডক্টরাল ফেলো আসিফ বিন আলী, লেখক ফাহাম আবদুস সালাম, অধ্যাপক ড. নাকিবুর রহমান এবং এনসিপি’র ডায়াসপোরা অ্যালায়েন্স-এর কো-অর্ডিনেটর দিলশানা পারুল।



