প্রধান খবরবাংলাদেশ

সাবেক ভূমিমন্ত্রী জাবেদের বিদেশে সম্পদ অর্জনের ২৩ বস্তা নথি উদ্ধার

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের সম্পত্তি ও ঋণসংক্রান্ত নথিপত্রের সন্ধানে স্ত্রীর ব্যক্তিগত গাড়ি চালকের বাসায় অভিযান চালিয়ে ২৩ বস্তা নথিপত্র জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

শনিবার (২০ সেপ্টেম্বর) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার শিকলবাহা ফকিরা মসজিদ এলাকার তালুকদার বাড়িতে এ অভিযান চালানো হয়। এর আগে গত বৃহস্পতিবার এবং শুক্রবারও সাবেক মন্ত্রী জাবেদের স্ত্রী ও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের সাবেক চেয়ারম্যান রুখমিলা জামানের ব্যক্তিগত গাড়ি চালক ইলিয়াস তালুকদারের (৫০) বাড়িতে দু’দফা অভিযান চালানো হয়। তবে এ সময় কোনো নথিপত্র উদ্ধার করতে পারেনি দুদক।

এর আগে গত ১৭ সেপ্টেম্বর রাতে চট্টগ্রামের ডবলমুরিং থানা এলাকা থেকে সাবেক মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের দুই সহযোগী মো. আব্দুল আজিজ ও উৎপল পালকে গ্রেপ্তার করে দুদক। তাদের তথ্যের ভিত্তিতে এ অভিযান চালানো হয় বলে জানিয়েছেন দুদক সূত্র।

দুদক সূত্র জানায়, সাবেক মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের দুই সহযোগী মো. আব্দুল আজিজ ও উৎপল পালকে গ্রেপ্তার করে ৫ দিনের রিমান্ডে নেয় দুদক। রিমান্ডে জিজ্ঞাসাবাদে দুদক জানতে পারে মন্ত্রী জাবেদের স্ত্রীর ব্যক্তিগত গাড়ি চালক ইলিয়াস তালুকদারের বাড়িতে কয়েক বস্তা নথিপত্র লুকিয়ে রাখা হয়েছে। নথিপত্র উদ্ধারে দুদক বৃহস্পতিবার ও শুক্রবার সন্ধ্যায় উপজেলার শিকলবাহা ফকিরা মসজিদ এলাকার তালুকদার বাড়িতে অভিযান চালায়। কিন্তু এ সময় বাড়িতে কোন নথিপত্র পাওয়া যায়নি। তবে এ সময় আশপাশের কিছু সিসিটিভি ফুটেজ জব্দ করে দুদক কর্মকর্তারা।

অভিযানে চালক ইলিয়াস তালুকদারকে না পেয়ে জিজ্ঞাসাবাদের জন্য তার স্ত্রী লাকী আকতার (৩০) ও প্রতিবেশী সাহাব উদ্দিন তালুকদারের স্ত্রী ঝুমা আকতারকে (২৬) আটক করে নিয়ে যায় দুদক। পরে তাদের থেকে মুচলেকা নিয়ে কর্ণফুলী থানায় হস্তান্তর করা হয়। পরিবারের জিম্মায় তাদেরকে ছেড়ে দিতে নির্দেশনা দেন দুদক কর্মকর্তারা।

এদিকে, জব্দ করা সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে শনিবার দিবাগত রাতে ফের অভিযান চালায় দুদক। প্রায় দুই ঘণ্টার অভিযানে ২৩ বস্তা বিভিন্ন নথিপত্র জব্দ করা হয়। অভিযানে দুদকের ঢাকা প্রধান কার্যালয়ের উপপরিচালক মশিউর রহমানসহ দুদকের একটি টিম ও স্থানীয় ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) জাহাঙ্গীর আলম এবং কর্ণফুলী থানা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।

এ বিষয়ে জানতে চাইলে দুদকের ঢাকা প্রধান কার্যালয়ের উপপরিচালক মশিউর রহমান জানান, আমরা সাবেক ভূমিমন্ত্রী জাবেদের ঋণ সংক্রান্ত ও বিদেশে থাকা সম্পদ নিয়ে অনুসন্ধান কালে এ বিষয়ে সংশ্লিষ্ট মো. আব্দুল আজিজ ও উৎপল পালকে গ্রেপ্তার করে রিমান্ডে নিই। রিমান্ডে জিজ্ঞাসাবাদে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। অভিযানে আমরা ২৩ বস্তা নথিপত্র জব্দ করেছি। এগুলো আমাদের কার্যালয়ে নিয়ে যাচাই-বাচাই করা হবে। এরপর এ বিষয়ে আমরা বিস্তারিত বলতে পারব।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension