
প্রবাস
টরন্টোয় প্রথমবারের মতো প্রতিমা বিসর্জন
টরন্টো থেকে সুব্রত চৌধুরী-গত ১ অক্টোবর (বুধবার) হাজারো পূজারীর চোখের জলে বিদায় নিলেন দেবী দুর্গা। পূজার কয়েকটা দিন পিতৃগৃহে কাটিয়ে ভক্তদেরকে চোখের জলে ভাসিয়ে স্বামীগৃহ কৈলাসে ফিরে গেলেন দেবী।
উওর আমেরিকায় প্রথমবারের মতো কানাডার টরন্টোর উডবাইন বিচে টরন্টো দুর্গাবাড়ি মন্দিরের আয়োজনে দূর্গা প্রতিমা বিসর্জনের আয়োজন করা হয়।
দশমীর পূজা শেষে খোলা ট্রাকে প্রতিমার রেপ্লিকা রেখে মোটর শোভাযাত্রা উডবাইন বিচের উদ্দেশ্যে রওনা দেয়।
উডবাইন বিচে প্রতিমার সামনে পূজারীরা শেষবারের মতো অঞ্জলি নিবেদন করে, ঢোল, করতাল, কাঁসা, উলুধ্বনি ও ধুনুচি নাচে মুখরিত হয়ে ওঠে উডবাইন বিচ।
এরপর সূর্য দেবতাকে মাথার ওপর সাক্ষী রেখে বিশাল জলরাশিতে বিসর্জন দেওয়া হয় কলা বউকে। ভক্তদের অন্তরের থেকে উঠে আসা কান্নার ঢেউ মিশে যায় উত্তাল জলরাশিতে।



