
কনস্টেবলের ‘একটি পদের’ বিপরীতে পিএইচডিধারীসহ ১৩ হাজার আবেদন
ভারতের মধ্যপ্রদেশে পুলিশ কনস্টেবল পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের পর দেখা গেছে নজিরবিহীন প্রতিযোগিতা। প্রতি পদের বিপরীতে আবেদন করেছেন প্রায় ১৩ হাজার প্রার্থী।
মধ্যপ্রদেশ স্টাফ সিলেকশন বোর্ডের তথ্য অনুযায়ী, কনস্টেবল পদে মোট ৭ হাজার ৫০০ শূন্যপদে আবেদন পড়েছে প্রায় ৯ লাখ ৭৬ হাজার। এতে প্রতিটি পদের জন্য গড়ে ১৩ হাজারেরও বেশি প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
যোগ্যতা হিসেবে ন্যূনতম দশম শ্রেণি পাস থাকলেও আবেদনকারীদের মধ্যে রয়েছেন পিএইচডিধারী, প্রকৌশলী, স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রিধারীরা। জানা গেছে, প্রায় ৪০ জনের বেশি পিএইচডিধারী এবং ১২ হাজারের বেশি প্রকৌশলী আবেদন করেছেন এই পদে।
আবেদন প্রক্রিয়া শুরু হয় ১৫ সেপ্টেম্বর এবং শেষ হওয়ার কথা ছিল ২৯ সেপ্টেম্বর। তবে বিপুলসংখ্যক আবেদন জমা পড়ায় সময়সীমা বাড়িয়ে ৬ অক্টোবর পর্যন্ত করা হয়।
রাজ্য পুলিশের কর্মকর্তারা জানিয়েছেন, কনস্টেবল নিয়োগের প্রাথমিক ধাপে শারীরিক যোগ্যতা যাচাই শেষে আগামী ৩০ অক্টোবর অনুষ্ঠিত হবে লিখিত পরীক্ষা। সবকিছু পরিকল্পনা অনুযায়ী সম্পন্ন হলে আগামী বছরের মে বা জুনের মধ্যে নতুন ৭ হাজার ৫০০ কনস্টেবল নিয়োগ দেওয়া হবে।
পদটিতে বেতন কাঠামো নির্ধারণ করা হয়েছে মাসিক ১৯ হাজার ৫০০ রুপি থেকে ৬২ হাজার রুপি পর্যন্ত।
বিশ্লেষকদের মতে, মধ্যপ্রদেশে সরকারি চাকরির অভাব, বেসরকারি খাতে সীমিত সুযোগ এবং ক্রমবর্ধমান বেকারত্বের চাপই এত বিপুলসংখ্যক আবেদনকারীর মূল কারণ।



