বাংলাদেশ

মারা গেছেন শিক্ষাবিদ ও স্থানীয় সরকার বিশেষজ্ঞ ড. তোফায়েল আহমেদ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য, বিশিষ্ট স্থানীয় সরকার বিশেষজ্ঞ এবং লোকপ্রশাসন বিভাগের অবসরপ্রাপ্ত প্রফেসর ড. তোফায়েল আহমেদ আজ বুধবার (৮ অক্টোবর) রাত ৯টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য, বিশিষ্ট স্থানীয় সরকার বিশেষজ্ঞ এবং লোকপ্রশাসন বিভাগের অবসরপ্রাপ্ত প্রফেসর ড. তোফায়েল আহমেদ আজ বুধবার (৮ অক্টোবর) রাত ৯টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর।

অধ্যাপক তোফায়েল আহমেদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার জামাতা লেফটেন্যান্ট কর্নেল সরোয়ার জাহান। তিনি জানান, হৃদরোগে আক্রান্ত হয়ে মঙ্গলবার রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি হয়েছিলেন অধ্যাপক তোফায়েল আহমেদ। পরীক্ষায় তার হৃদযন্ত্রে তিনটি ব্লক ধরা পড়ে। এছাড়া তিনি ফুসফুসের সংক্রমণেও ভুগছিলেন। বুধবার বিকেলে রিং পরানোর জন্য অস্ত্রোপচার কক্ষে নেয়া হলে হঠাৎ তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। পরে তাকে লাইফ সাপোর্টে নেয়া হয় এবং রাত সাড়ে ৯টার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

রাতেই মরহুমের মরদেহ চট্টগ্রামের হাটহাজারিতে নেওয়া হবে। সেখানে গ্রামের বাড়িতে তার দাফন সম্পন্ন হবে।

২০২৪ সালের অক্টোবরে অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সময় গঠিত নির্বাচনি সংস্কার কমিশনের সদস্য হিসেবে মনোনীত হন ড. তোফায়েল আহমেদ। পরবর্তীতে স্থানীয় সরকার সংস্কার কমিশনের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব গ্রহণ করেন তিনি।

দেশের স্থানীয় সরকার কাঠামো ও প্রশাসনিক সংস্কারে তার গবেষণা, চিন্তা ও দিকনির্দেশনা আজও প্রাসঙ্গিক ও অনুপ্রেরণাদায়ক।

ড. তোফায়েল আহমেদ ১৯৫৫ সালের ৪ মে চট্টগ্রামে জন্মগ্রহণ করেন। তিনি যথাক্রমে ফতেহাবাদ উচ্চ বিদ্যালয় এবং চট্টগ্রাম কলেজ থেকে এসএসসি এবং এইচএসসি সম্পন্ন করেন। তিনি ১৯৭৬ এবং ১৯৭৭ সালে যথাক্রমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে রাজনীতি ও প্রশাসনে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

১৯৮১ সালে সোয়ানসি বিশ্ববিদ্যালয় থেকে সামাজিক খাত পরিকল্পনা ও ব্যবস্থাপনায় দ্বিতীয় স্নাতকোত্তর ডিগ্রি অর্জন এবং ১৯৯১ সালে উন্নয়ন অধ্যয়নে পিএইচডি ডিগ্রি অর্জন করেন এই স্থানীয় সরকার বিশেষজ্ঞ।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension