প্রবাস

ব্রঙ্কসে বাংলাদেশি-আমেরিকান কমিউনিটির একক প্রার্থী হলেন সিপিএ জাকির চৌধুরী

নিউ ইয়র্ক প্রতিবেদক: নিউইয়র্ক সিটির ব্রঙ্কসে বসবাসরত বাংলাদেশি-আমেরিকান কমিউনিটি এক বিরল রাজনৈতিক ঐক্যের নজির স্থাপন করেছে। ২০ অক্টোবর, সোমবার সন্ধ্যায় ব্রঙ্কসের গোল্ডেন প্যালেস পার্টি হলে আয়োজিত হয় এক ব্যতিক্রমী নির্বাচনী বিতর্ক ও ইলেকট্রনিক ভোটাভুটি।

ব্রঙ্কস বাংলাদেশি কমিউনিটি-ইউনিফায়েড ক্যানডিডেট কমিটির এর উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে ৮৭তম অ্যাসেম্বলি ডিস্ট্রিক্টের সম্ভাব্য তিন বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী—জাকির চৌধুরী, ইমরান এম. শাহ ও জামাল হুসেইন—তাদের অভিজ্ঞতা, কমিউনিটির জন্য কাজ এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।

দুই ঘণ্টাব্যাপী এই প্রাণবন্ত বিতর্কে মডারেটরের দায়িত্ব পালন করেন লেখক, সাংবাদিক ও প্রামাণ্যচিত্র নির্মাতা শামীম আল আমিন, যিনি বাংলাদেশে জাতীয় পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতায় একাধিকবার চ্যাম্পিয়ন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির সাবেক সিনিয়র সহ-সভাপতি।

বিতর্ক শেষে ইলেকট্রনিক ভোটের মাধ্যমে মোট ৫৫ জন ভোটার তাঁদের পছন্দের প্রার্থী নির্বাচিত করেন। প্রতিটি প্রার্থী নিজ নিজ পক্ষ থেকে ১০ জন করে ভোটার আমন্ত্রণ জানান, বাকি ২৫ জন ছিলেন আয়োজক কমিটির সদস্য।

ভোট গণনার পর সিপিএ জাকির চৌধুরী বিজয়ী হিসেবে নির্বাচিত হন। উল্লেখযোগ্য বিষয় হলো, ফলাফল ঘোষণার পর বাকি দুই প্রার্থী—ইমরান এম. শাহ ও জামাল হুসেইন—তা উষ্ণ অভিনন্দনের মাধ্যমে মেনে নেন এবং জাকির চৌধুরীকে পূর্ণ সমর্থনের ঘোষণা দেন।

উল্লেখ্য, ৮৭তম ডিস্ট্রিক্টে বর্তমানে দায়িত্বে আছেন অ্যাসেম্বলিমেম্বার কারিনেস রেয়েস, যিনি ২০১৯ সাল থেকে এই পদে আছেন এবং ২০১৮ সালের নির্বাচনে ৯৪ শতাংশ ভোটে জয়ী হন। এবার তার বিপক্ষে লড়াইয়ে নামছেন বাংলাদেশি-আমেরিকান কমিউনিটির সম্মিলিত সমর্থন পাওয়া প্রার্থী সিপিএ জাকির চৌধুরী।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension