খেলা

ফুটবল মানচিত্রে এক নতুন সূর্য: কেপ ভার্দের রূপকথা

হুমায়ূন কবীর ঢালী

আটলান্টিক মহাসাগরের বুকে জেগে থাকা ১০টি আগ্নেয় দ্বীপের ছোট্ট এক দেশ— কেপ ভার্দ (Cabo Verde)। জনসংখ্যা মাত্র সাড়ে ৫ লাখ। এতদিন বৈশ্বিক পর্যটকদের কাছে দেশটি পরিচিত ছিল তার নীল জলরাশি, শান্ত আবহাওয়া আর জীবন্ত আগ্নেয়গিরি ‘ফোগো’র জন্য। কিন্তু ২০২৬ সালের জুনে এসে পুরো পৃথিবীর চোখ এখন এই দ্বীপরাষ্ট্রের ওপর। কোনো পর্যটন আকর্ষণের জন্য নয়, বরং ফুটবল মাঠের এক অবিশ্বাস্য রূপকথার জন্ম দিয়ে তারা এখন বিশ্বমঞ্চের মহানায়ক। চলমান ২০২৬ ফিফা বিশ্বকাপে প্রথমবারের মতো কোয়ালিফাই করে এবং নিজেদের অভিষেক ম্যাচেই পরাশক্তি স্পেনকে রুখে দিয়ে ফুটবল ইতিহাসের অন্যতম বড় চমক সৃষ্টি করেছে কেপ ভার্দের জাতীয় দল— ‘ব্লু শার্কস’ (Blue Sharks)।

আফ্রিকা মহাদেশের মূল ভূখণ্ডের সবচেয়ে পশ্চিম বিন্দু (সেনেগাল উপকূল) থেকে প্রায় ৫৭০ কিলোমিটার পশ্চিমে আটলান্টিক মহাসাগরে এই দ্বীপরাষ্ট্রের অবস্থান। এর রাজধানী প্রাইয়া (Praia)। ১৪৬০ সালে পর্তুগিজরা প্রথম এই জনমানবহীন দ্বীপগুলো আবিষ্কার করে। দীর্ঘ সংগ্রামের পর ১৯৭৫ সালের ৫ জুলাই দেশটি পূর্ণ স্বাধীনতা লাভ করে। এখানকার অফিশিয়াল ভাষা পর্তুগিজ হলেও, দৈনন্দিন জীবনে মানুষ ‘ক্রেওল’ (পর্তুগিজ ও আফ্রিকান ভাষার মিশ্রণ) ভাষায় কথা বলে।

ফুটবল বিশ্বে ‘ব্লু শার্কস’ নামে পরিচিত কেপ ভার্দ কখনোই ফুটবল পরাশক্তি ছিল না। আফ্রিকা মহাদেশের বাছাইপর্বে যখন তারা ক্যামেরুন, অ্যাঙ্গোলা বা লিবিয়ার মতো ফুটবলীয় ঐতিহ্যে সমৃদ্ধ দেশগুলোর মুখোমুখি হয়েছিল, অনেকেই তাদের হিসেবের বাইরে রেখেছিলেন। কিন্তু সব রক্ষণশীল সমীকরণ ভেঙে, গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে তারা সরাসরি টিকিট কাটে ২০২৬ বিশ্বকাপের। ভৌগোলিক আয়তন কিংবা জনসংখ্যার বিচারে এবারের বিশ্বকাপের অন্যতম ক্ষুদ্রতম এই দেশ বিশ্বমঞ্চে জায়গা করে নিয়ে প্রমাণ করেছে—ফুটবলে আবেগের চেয়ে বড় কোনো শক্তি নেই।

বিশ্বকাপের ‘গ্রুপ এইচ’-এ কেপ ভার্দের সঙ্গী সাবেক বিশ্বচ্যাম্পিয়ন স্পেন, শক্তিশালী উরুগুয়ে এবং সৌদি আরব। ১৫ জুন ২০২৬, আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে যখন কেপ ভার্দ তাদের ইতিহাসের প্রথম বিশ্বকাপ ম্যাচ খেলতে নামে, তখন প্রতিপক্ষ ফিফা র‍্যাংকিংয়ের শীর্ষে থাকা অন্যতম ফেবারিট স্পেন। লড়াইটা ছিল ডেভিড বনাম গোলিয়াথের। কিন্তু মাঠের ৯০ মিনিটে দেখা গেল অন্য এক দৃশ্য। অভিজ্ঞ গোলরক্ষক ভোজিনহা (Vozinha)-র অতিমানবীয় কিছু সেভ এবং অধিনায়ক রায়ান মেন্দেসের নেতৃত্বে ইস্পাতকঠিন রক্ষণভাগের সামনে স্পেনের বিশ্বখ্যাত আক্রমণভাগ বারবার পরাস্ত হয়। ম্যাচটি শেষ হয় ০-০ ব্যবধানে। প্রথম ম্যাচেই ১ পয়েন্ট ছিনিয়ে নিয়ে কেপ ভার্দ বিশ্বকে বার্তা দিল—তারা এখানে শুধু অংশ নিতে আসেনি, লড়াই করতে এসেছে।

বিশ্বকাপ মানেই যে এক রাতের ম্যাজিক, ৪০ বছর বয়সী গোলরক্ষক জোসিমার ডিয়াস (যিনি ফুটবল বিশ্বে ‘ভোজিনহা’ নামে পরিচিত) যেন তারই জীবন্ত প্রমাণ! আন্তর্জাতিক ম্যাচে দেশের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলা এই অভিজ্ঞ তারকা স্পেনের বিপক্ষে দেয়াল হয়ে দাঁড়িয়ে ছিলেন। খেলা শুরুর আগে Transfermarkt -এ তার আনুমানিক বাজারমূল্য ছিল মাত্র ৪০,০০০ ইউরো এবং ইনস্টাগ্রামে ফলোয়ার সংখ্যা ছিল ৫০,০০০। কিন্তু স্পেনের বিলিয়ন ইউরোর আক্রমণভাগকে একা হাতে রুখে দিয়ে ম্যাচ সেরা নির্বাচিত হওয়ার পর গল্পটা সম্পূর্ণ বদলে যায়।
ম্যাচ শেষের মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে সোশ্যাল মিডিয়ায় তার ফলোয়ার সংখ্যা ৫০ হাজার থেকে একলাফে ১.৭ মিলিয়নে গিয়ে ঠেকেছে, আর বাজারমূল্যও বেড়ে দাঁড়িয়েছে ৫০,০০০ ইউরোতে! চার দশক বয়সে এসে বিশ্বমঞ্চে এমন রূপকথার জন্ম দিয়ে ভোজিনহা আজ কেপ ভার্দের নতুন জাতীয় নায়ক।

কেপ ভার্দের এই ফুটবল বিপ্লব কিন্তু হুট করে আসেনি। দীর্ঘ পর্তুগিজ উপনিবেশ থাকার কারণে এদের রক্তে ও সংস্কৃতিতে মিশে আছে ইউরোপীয় ফুটবলের কৌশল আর আফ্রিকানদের সহজাত শারীরিক সক্ষমতা। এখানকার খেলোয়াড়দের একটা বড় অংশ ইউরোপের বিভিন্ন লিগে খেলেন। ক্রিস্টিয়ানো রোনালদোর দেশ পর্তুগালের ফুটবল ঘরানার সাথে এদের আত্মিক যোগাযোগ দীর্ঘদিনের। এই মিশ্র সংস্কৃতিই আজ ‘ব্লু শার্কস’দের বিশ্বমঞ্চে বুক চিতিয়ে লড়াই করার সাহস জুগিয়েছে।

স্পেনকে রুখে দেওয়ার পর কেপ ভার্দকে নিয়ে এখন নতুন করে ছক কষতে হচ্ছে বাকি দলগুলোকে। প্রথম রাউন্ড শেষে গ্রুপের সবকটি ম্যাচ ড্র হওয়ায় গ্রুপটি এখন সম্পূর্ণ উন্মুক্ত। নকআউট বা শেষ ১৬-র টিকিট পেতে হলে ব্লু শার্কসদের সামনে রয়েছে আরও দুটি মহাগুরুত্বপূর্ণ ম্যাচ। আগামী ২১ জুন ২০২৬ তারিখে মায়ামির হার্ড রক স্টেডিয়ামে তারা মুখোমুখি হবে উরুগুয়ে’র এবং ২৬ জুন ২০২৬ তারিখে হিউস্টনের এনআরজি স্টেডিয়ামে খেলবে সৌদি আরব-এর বিপক্ষে।

শান্ত, পরিচ্ছন্ন ও রাজনৈতিকভাবে স্থিতিশীল এই দেশটিতে এখন উৎসবের আমেজ। আটলান্টিকের বুকে যে ছোট ছোট দ্বীপগুলো এতদিন মানচিত্রের এক কোণে পড়ে থাকত, ফুটবল আজ তাদের এনে দাঁড় করিয়েছে বৈস্ময়কর এক প্রচারণার আলোয়। ২০২৬ বিশ্বকাপে কেপ ভার্দের এই যাত্রা কেবল কিছু ম্যাচের জয়-পরাজয়ের গল্প নয়; এটি হলো কোটি ফুটবলপ্রেমীর কাছে এক নতুন অনুপ্রেরণা—যেখানে স্বপ্ন বড় হলে, সীমানা কখনো বাধা হতে পারে না।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension