
শোকে স্তব্ধ জ্যাকসন হাইটস: অকালে চলে গেলেন আড্ডার মধ্যমণি রাহুল রব
জ্যাকসন হাইটসে জানাজা সম্পন্ন, মরদেহ পাঠানো হচ্ছে দেশের বাড়ি বালাগঞ্জে
হুমায়ূন কবীর ঢালী, নিউইয়র্ক:
নিউইয়র্কের প্রবাসী বাংলাদেশি কমিউনিটির অত্যন্ত পরিচিত মুখ, সদালাপী ও আড্ডার প্রিয় ব্যক্তিত্ব রাহুল রব আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গত ২১ জুন হঠাৎ হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স পঞ্চাশও ছুঁতে পারেনি।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২১ জুন নিজের গাড়ি চালিয়ে যাওয়ার সময় রাহুল হঠাৎ অসুস্থ বোধ করেন। তাৎক্ষণিকভাবে তাঁকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকদের সমস্ত চেষ্টা ব্যর্থ করে দিয়ে সেখানেই তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন।
মরহুম রাহুল রবের প্রথম জানাজার নামাজ ২২ জুন সোমবার, বাদ জোহর জ্যাকসন হাইটসের ৭৩ স্ট্রিট মসজিদে (ডাইভারসিটি প্লাজা সংলগ্ন) অনুষ্ঠিত হয়েছে। যে মানুষটি সবসময় প্রাণবন্ত উপস্থিতি দিয়ে সবাইকে মাতিয়ে রাখতেন, তাঁকে শেষ বিদায় জানাতে জানাজায় ঢল নামে মানুষের। রাহুলের বড় ভাই, স্ত্রী, দুই শিশু পুত্র, আত্মীয়-স্বজনসহ স্থানীয় বিপুলসংখ্যক মুসল্লি, শুভাকাঙ্ক্ষী ও বন্ধুরা এতে আন্তরিকভাবে শরিক হন। জানাজা শেষে উপস্থিত সকলে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে এবং আল্লাহ যেন তাঁকে জান্নাতুল ফেরদাউস দান করেন—সেই দোয়া করেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, নিউইয়র্কের আনুষ্ঠানিকতা শেষে রাহুল রবের মরদেহ বাংলাদেশে তাঁর দেশের বাড়ি, সিলেট জেলার বালাগঞ্জ উপজেলার গ্রামের বাড়িতে পাঠানো হবে। সেখানেই পারিবারিক কবরস্থানে তাঁকে চিরনিদ্রায় শায়িত করা হবে।
রাহুল রবের এই আকস্মিক ও অকাল মৃত্যুতে জ্যাকসন হাইটসের প্রবাসী বাঙালিদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে। নিমিষেই যেন স্তব্ধ হয়ে গেছে চিরচেনা আড্ডার মুখর পরিবেশ। তাঁর এই অপূরণীয় ক্ষতিতে জ্যাকসন হাইটসের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও আঞ্চলিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
ছবি




































