
শাঁখা সিঁদুর হিন্দু লোকাচার, তা নিয়ে বাড়াবাড়ি কিছু নেই: বিশ্বহিন্দু পরিষদ
রূপসী বাংলা ডেস্ক: তাদের মূল লক্ষ্য লাভ জিহাদ নিয়ে মানুষকে সচেতন করা। শাঁখা, সিঁদুর নিয়ে বিশেষ কোনও কড়াকড়ির পক্ষপাতী নয় বিশ্ব হিন্দু পরিষদ। এমনটাই জানালেন বিশ্বহিন্দু পরিষদের পশ্চিম বাংলার মিডিয়া কো-অর্ডিনেটর সৌরিশ মুখোপাধ্যায়।
লাভ জিহাদ রুখতে আগামী ২১-২২ সেপ্টেম্বর রাস্তায় নেমে প্রচার করার কথা বিশ্বহিন্দু পরিষদের। সাধারণ মানুষ এবং স্কুল কলেজের ছাত্রছাত্রীদের লভ জিহাদের ব্যাপারে বোঝানোর জন্য একটি লিফলেট বিলি করে তারা। যেখান হিন্দু বিবাহিত মহিলাদের শাঁখা সিঁদুর পরার বিষয়টির উল্লেখ রয়েছে। বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়া এবং সংবাদ মাধ্যমে প্রশ্নের মুখে পড়তে হয় বিশ্বহিন্দু পরিষদকে।
এবিষয়ে বিশ্বহিন্দু পরিষদের মিডিয়া কো অর্ডিনেটর সৌরিশ বলেন, “দেখুন আমরা লাভ জিহাদ নিয়ে সাধারণ মানুষকে সচেতন করতে চাই। শাখা সিঁদুর নিয়ে মিডিয়া ধোঁয়া তুলছে। আমাদের আসল উদ্দেশ্য লাভ জিহাদ আটকানো। এ নিয়ে স্কুলে, কলেজে, কোচিং সেন্টারে প্রচার চালাবে বিশ্বহিন্দু পরিষদের বজরং দল এবং দুর্গাবাহিনী। এখানে লাভ জিহাদের কুফল সম্পর্কে ছাত্রছাত্রীদের বোঝানো হবে। পাশাপাশি কী ভাবে সমাধান সম্ভব তাও জানানো হবে।”
সৌরিশ আরও বলেন, “দেখুন বিশ্বহিন্দু পরিষদের মতো বড় একটি সংগঠনের শাঁখা, সিঁদুর নিয়ে ভাববার সময় নেই। এটা নিয়ে আমরা কোথাও কোনরকম কড়াকড়ি করছি না। হিন্দু লোকাচার সঙ্গে শাঁখা সিঁদুর জড়িয়ে আছে। যেটা পশ্চিমবাংলা, বিহার, উত্তরপ্রদেশ এবং দক্ষিণ ভারতের বিভিন্ন জায়গাতে আলাদা।”



