
এম্পায়ার স্টেট বিল্ডিংয়ে দুঃসাহসিক আরোহন, গ্রেপ্তার ‘স্কাইওয়াকার’ যুগল
হোসনেআরা চৌধুরী।নিউইয়র্ক, জুলাই ২:
নিউইয়র্ক সিটির বিশ্বখ্যাত স্থাপনা এম্পায়ার স্টেট বিল্ডিংয়ে দুঃসাহসিক রুফটপ স্টান্টের ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। উচ্চ ভবনের চূড়ায় উঠে ব্যানার প্রদর্শন ও বিয়ের প্রস্তাব দেওয়ার পর দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে নিউইয়র্ক পুলিশ (NYPD)।
ঘটনাটি ঘটে বুধবার দুপুরে। প্রত্যক্ষদর্শীদের মতে, দুই ব্যক্তি নিরাপত্তা ব্যবস্থা ভেঙে ভবনের সর্বোচ্চ অ্যান্টেনা স্পায়ারে উঠে যান এবং সেখানে একটি ব্যানার উড়িয়ে দেন। ব্যানারে লেখা ছিল—
“When the power of love beats the power of love of power, the world knows peace.”
পরে তারা ভবনের একটি নিরাপদ অংশে নেমে এসে একে অপরকে বিয়ের প্রস্তাব দেন। মুহূর্তের মধ্যেই ঘটনাটি আশপাশের মানুষের দৃষ্টি আকর্ষণ করে এবং সামাজিক মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে।
পরবর্তীতে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের আটক করে। অভিযুক্তদের পরিচয় জানা গেছে—অ্যাঞ্জেলা নিকোলাউ এবং ইভান ‘ভানিয়া’ বিয়ারকুস। তারা দীর্ঘদিন ধরে ‘রুফটপিং’ নামে পরিচিত ঝুঁকিপূর্ণ কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত, যেখানে উচ্চ ভবনে অবৈধভাবে আরোহন করা হয়।
তদন্ত সূত্রে জানা গেছে, কীভাবে তারা এত কঠোর নিরাপত্তা ভেঙে ভবনের চূড়ায় পৌঁছাতে সক্ষম হয়েছেন, তা এখনও স্পষ্ট নয়। বিষয়টি নিয়ে তদন্ত চলছে এবং তাদের বিরুদ্ধে একাধিক অভিযোগ আনা হতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
উল্লেখ্য, এই যুগল পূর্বেও বিশ্বের বিভিন্ন উচ্চ স্থাপনায় ঝুঁকিপূর্ণ আরোহনের জন্য পরিচিত। তাদের এই কার্যক্রম নিয়ে ২০২৪ সালে মুক্তিপ্রাপ্ত নেটফ্লিক্স ডকুমেন্টারি “Skywalkers: A Love Story”-তেও বিস্তারিত তুলে ধরা হয়েছে।
ঘটনার পর সামাজিক মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ একে ভালোবাসার প্রতীকী প্রকাশ হিসেবে দেখলেও, অধিকাংশই এটিকে চরম ঝুঁকিপূর্ণ ও বেআইনি কর্মকাণ্ড হিসেবে সমালোচনা করেছেন।
নিউইয়র্ক কর্তৃপক্ষ জানিয়েছে, এ ধরনের অবৈধ ও বিপজ্জনক কর্মকাণ্ড জননিরাপত্তার জন্য গুরুতর হুমকি। ভবিষ্যতে এমন ঘটনার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করা হয়েছে।



