
ছবি তোলাকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের পুলিশের সঙ্গে মিশরের কোচের হাতাহাতি
বাংলাদেশ সময় রাত ১২টায় খেলতে নামছে মোহাম্মদ সালাহর মিশর। ডালাসে বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এর ম্যাচে তাদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া।
ম্যাচের কয়েক ঘণ্টা আগে সেটি নিয়েই আলোচনা হওয়ার কথা। কিন্তু মিশর এখন আলোচনায় অন্য এক কারণে। টিম হোটেলে পুলিশের সঙ্গে হাতাহাতিতে জড়িয়েছেন দলটির সহকারী ইব্রাহিম হাসান।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, যুক্তরাষ্ট্রের এক পুলিশ কর্মকর্তার সঙ্গে মিশর দলের কোচিং স্টাফের তর্ক-বিতর্ক চলছে।
এক পর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়।
ঘটনার সূত্রপাত ছবি তোলাকে কেন্দ্র করে। এক খুদে ভক্ত মিশর দলের ফরোয়ার্ড ত্রেজেগের সঙ্গে ছবি তুলতে চেয়েছিল। এ সময় পুলিশ ভিড় নিয়ন্ত্রণের চেষ্টা করতে গিয়ে শিশুটিকে ধাক্কা দেয়।
এতে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।
ঘটনার পর মিশর ফুটবল ফেডারেশন (ইএফএ) এক বিবৃতিতে জানিয়েছে, বিষয়টি নিয়ে যে ধরনের গুজব ছড়ানো হচ্ছে, বাস্তবে তা নয়। দলের খেলোয়াড়দের সঙ্গে ছবি তুলতে আসা এক খুদে ভক্তকে নিরাপত্তাকর্মী ধাক্কা দিলে আমাদের সহকারী কোচ ইব্রাহিম হাসান শিশুটিকে রক্ষা করতে এগিয়ে যান। এ সময় নিরাপত্তাকর্মীর সঙ্গে তার বাকবিতণ্ডা হয়। তবে পরিস্থিতি দ্রুতই স্বাভাবিক হয়।
বিবৃতিতে ইএফএ আরো জানিয়েছে, ঘটনাটি দলের প্রস্তুতিতে কোনো প্রভাব ফেলেনি। অস্ট্রেলিয়ার বিপক্ষে গুরুত্বপূর্ণ নকআউট ম্যাচ সামনে রেখে দল স্বাভাবিকভাবেই অনুশীলন চালিয়ে যাচ্ছে।
ঘটনাটি নিজের চোখের সামনেই ঘটেছে বলে দাবি করেছেন বিশ্বকাপ কাভার করতে যাওয়া মিশরীয় সাংবাদিক বেলাল এলসিসি। ফেসবুকে তিনি লিখেছেন, ‘গুজব ও নানা কথাবার্তা বন্ধ করার জন্য বলছি—ঘটনাটি আমার চোখের সামনেই ঘটেছে। ইব্রাহিম হাসান হোটেলের লবিতে কোনো ধরনের ঝামেলা করেননি। বরং একটি শিশু তার এবং ত্রেজেগের সঙ্গে ছবি তুলতে চেয়েছিল। কিন্তু মার্কিন নিরাপত্তাকর্মীরা শিশুটিকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় এবং ছবি তুলতে বাধা দেয়।
এলসিসি এরপর লিখেছেন, ‘শিশুটির প্রতি হওয়া ওই আচরণের প্রতিবাদ করতে এবং তাকে রক্ষা করতে ইব্রাহিম এগিয়ে আসেন। পরে মার্কিন নিরাপত্তাকর্মীরা ওই শিশু এবং মিশর জাতীয় দলের এক নিরাপত্তাকর্মীর ওপরও চড়াও হয়।’



