
নিউইয়র্কে দুর্বৃত্তের গুলিতে বাংলাদেশি নিহত, আহত আরেকজন
শাহ্ জে. চৌধুরী:
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে দুর্বৃত্তের গুলিতে মো. ইউসুফ রাজু (৪৪) নামে এক বাংলাদেশি প্রবাসী নিহত হয়েছেন। একই ঘটনায় রাসেল (৩৯) নামে আরও এক বাংলাদেশি গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মর্মান্তিক এ ঘটনায় নিউইয়র্কের বাংলাদেশি কমিউনিটিতে শোক ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সময় ২২ আগস্ট শনিবার রাত সাড়ে ১১টার দিকে ব্রুকলিনের রকঅ্যাওয়ে অ্যাভিনিউ এলাকায় একটি ফ্রাইড চিকেন রেস্টুরেন্টে এ ঘটনা ঘটে। নিহত ইউসুফ রাজু ওই প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।
প্রাথমিকভাবে জানা গেছে, ঘটনার সময় রেস্টুরেন্টে এক ক্রেতার সঙ্গে বিল পরিশোধকে কেন্দ্র করে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ওই ব্যক্তি আগ্নেয়াস্ত্র বের করে গুলি চালিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। গুলিতে ইউসুফ রাজু মাথায় এবং রাসেল পায়ে গুলিবিদ্ধ হন।
গুরুতর আহত অবস্থায় ইউসুফ রাজুকে দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহত রাসেলকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তার চিকিৎসা চলছে।
ঘটনার পর নিউইয়র্ক পুলিশ তদন্ত শুরু করেছে। হামলাকারীকে শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। তবে সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি।
নিহত ইউসুফ রাজুর বাড়ি বাংলাদেশের নোয়াখালী জেলার সোনাইমুড়ী উপজেলার আমিশাপাড়া ইউনিয়নের কংশনগর এলাকায়। প্রায় তিন বছর আগে তিনি জীবিকার সন্ধানে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান বলে জানা গেছে। দেশে তার স্ত্রী, তিন সন্তান, মা-বাবাসহ স্বজনরা রয়েছেন।
অন্যদিকে আহত রাসেলের বাড়িও নোয়াখালী জেলায় বলে জানা গেছে।
প্রবাসে পরিবারের স্বপ্ন পূরণ ও জীবিকার তাগিদে কাজ করতে গিয়ে এমন মর্মান্তিক মৃত্যুর ঘটনায় বাংলাদেশি কমিউনিটিতে গভীর শোক নেমে এসেছে। একই সঙ্গে নিউইয়র্কে কর্মরত বাংলাদেশি প্রবাসীদের নিরাপত্তা নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে।
পুলিশ ঘটনার প্রকৃত কারণ, হামলাকারীর পরিচয় এবং হত্যাকাণ্ডের পেছনে অন্য কোনো উদ্দেশ্য ছিল কি না—তা খতিয়ে দেখছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ঘটনার বিষয়ে কোনো সিদ্ধান্তে না পৌঁছানোর জন্য সংশ্লিষ্টদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।



