
টিটো মোস্তাফিজ
তোমার পশুপাখি গাছপালা রেখে
আমি এখন পাথর পুষি প্রিয়তমা।
তালগাছ তলায় কুড়িয়ে পাওয়া
পাখির বাসা ঘরে ঝুলিয়েছিলাম
সেই বাসায় কোন পাখি আসেনি।
বনের পাখি কেনই বা ঘরে আসবে?
অগত্য ভাবলাম সুখের পায়রা আনি
ছানাপোনাসহ সারাদিন
গাইবে বাক-বাকুম বাক-বাকুম।
পাশের খোপের প্রতিবেশীরা
বেড়ে উঠলো ঝাড়ে-বংশে।
আমার কবুতর দুটোই ছিল নর,
বেড়ে উঠছিল শুধু গায়েগতরে।
এরপর বড়বেলায় আবার শখ।
ধারের ছাদের অপরাজিতা
মালিকের বেলকনিতে হলো নীল।
গভীর রাতে ফিশ বারবিকিউ
একুয়ারিয়ামের গাপ্পি গৌরামি।
তারা নাকি অগাধ ভালোবাসা
পাচ্ছিলো আমার কাছ থেকে।
সবুজ কচ্ছপটি একা থেকে থেকে
আশ্রয় পায় কাক চঞ্চুর ফাঁকে।
তোমার পশুপাখি গাছপালা রেখে
আমি এখন পাথর পুষি প্রিয়তমা।



