
৪০তম ফোবানার থিম সং লিখে প্রশংসায় ভাসছেন হুমায়ূন কবীর ঢালী
হোসনেআরা চৌধুরী ॥ নিউইয়র্ক
৪০তম ফোবানা সম্মেলনের জন্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে উৎসর্গ করে অনবদ্য একটি থিম সং লিখে প্রশংসায় ভাসছেন বাংলাদেশের খ্যাতিমান শিশুসাহিত্যিক, কবি ও লেখক হুমায়ূন কবীর ঢালী।
গত ৪ সেপ্টেম্বর ৪০তম ফোবানা সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে পরিবেশিত হয় তাঁর লেখা বহুল আলোচিত গান “অক্ষরে সাজাই বর্ণমালা, বঙ্গবন্ধুর বাংলাদেশ”। উদ্বোধনী মঞ্চে গানটি পরিবেশনের পরপরই উপস্থিত দর্শক-শ্রোতাদের মধ্যে ব্যাপক সাড়া পড়ে। দল-মত-পথের ঊর্ধ্বে উঠে গানটির কথা, সুর ও পরিবেশনা প্রশংসিত হয়েছে সবার কাছে।
গানটির সুর করেছেন গুণী সুরকার ইবরার টিপু। কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় শিল্পী শাহ মাহবুব ও বিন্দুকণা। গানের কথা, সুর ও কণ্ঠের মেলবন্ধনে তৈরি হয়েছে একটি শ্রুতিমধুর ও আবেগঘন পরিবেশনা। ইতিমধ্যে গানটি সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে এবং বিশেষ করে বঙ্গবন্ধুপ্রেমীদের মধ্যে সাড়া ফেলেছে।
হুমায়ূন কবীর ঢালী এর আগেও বাংলাদেশ ডে প্যারেড ও সাউথ এশিয়ান ইউনিটি প্যারেডের থিম সং লিখে প্রশংসা কুড়িয়েছেন। তবে শ্রোতা-দর্শকদের অনেকেই এবারের ফোবানার থিম সংটিকে তাঁর আগের কাজগুলোর তুলনায় আরও শক্তিশালী ও হৃদয়স্পর্শী বলে মনে করছেন।
গানটি এতটা সাড়া জাগানোর কারণ জানতে চাইলে গীতিকার হুমায়ূন কবীর ঢালী বলেন, “কোনো একটি বিষয়ে লিখতে গিয়ে যদি লেখকের ভাবনা, অনুভূতি ও চেতনার সঙ্গে বিষয়টি মিশে যায়, তখন সেই লেখাটি উৎরে যেতে বাধ্য।”
শিশুসাহিত্যিক হিসেবে তাঁর খ্যাতি সর্বাধিক হলেও বড়দের জন্যও তিনি লিখেছেন উপন্যাস, প্রবন্ধ ও কবিতা। সাহিত্যের বিভিন্ন শাখায় তাঁর সৃজনশীল উপস্থিতি ও মেধার স্বাক্ষর রয়েছে। ছোট-বড় মিলিয়ে এ পর্যন্ত তাঁর প্রকাশিত গ্রন্থের সংখ্যা শতাধিক। তাঁর রচনা বিশ্বের বিভিন্ন ভাষায় অনূদিত ও প্রকাশিত হয়েছে।
৪০তম ফোবানার থিম সংয়ের মাধ্যমে হুমায়ূন কবীর ঢালী আবারও প্রমাণ করলেন—শব্দ যখন অনুভূতির সঙ্গে মিশে যায়, তখন তা শুধু গান হয়ে থাকে না; হয়ে ওঠে মানুষের হৃদয়ের কথা।



