
বামেদের মতোই পরিনতি হবে তৃণমূলের: বিমান
রূপসী বাংলা কলকাতা ডেস্ক: ইতিহাসের পুনরাবৃত্তি ঘটে। বহুবার যার প্রমাণ মিলেছে বিশ্বের বিভিন্ন প্রান্তে। সেই কথাটিই মনে করে দিয়ে তৃণমূলের সমালোচনা এবং আত্মসমালোচনা করলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু।
রবিবার হিংসা কবলিত আমডাঙায় বামেদের সভায় হাজির ছিলেন বিমানবাবু। পঞ্চায়েত ভোটের পরবর্তী সময়ে বামেদের সঙ্গে তৃণমূল কংগ্রেসের সংঘর্ষে উত্তপ্ত হয়েছে আমডাঙার বাইছগাছিয়া। প্রাণ গিয়েছে বেশ কয়েকজনের। এরই মাঝে রবিবার আমডাঙায় সভা করে সিপিএম।
ওই সভায় রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করেন বামফ্রন্ট চেয়ারম্যান। শুধু তাই নয়, বিমানবাবুর গলায় শোনা গিয়েছে আত্মসমালোচনার সুর। তিনি বলেছেন, “বামেদের মতোই পরিণতি হবে তৃণমূলের।” একই সঙ্গে তিনি আরও বলেছেন, “ইতিহাস ফিরে আসে। ইতিহাস থেকে শিক্ষা নিতে হয়।”
আমডাঙার সংঘর্ষের পরে বাইছগাছিয়ায় কোনও রাজনৈতিক দলের প্রতিনিধিদের ঢুকতে দেয়নি পুলিশ। তালিকায় বাম নেতাদের সঙ্গে প্রদেশ কংগ্রেস সভাপতি তথা অধীর রঞ্জন চৌধুরীর নামও রয়েছে। যদিও তৃণমূল কংগ্রেস নেতা তথা ডায়মন্ড হারবার কেন্দ্রের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় সভা করেছিলেন। তারপরেও বাইছগাছিয়ায় বামেদের সভার অনুমতি মেলেনি।
আমডাঙার তারাবেরিয়া গ্রাম পঞ্চায়েতের মাধবপুর বাজারে বামেদের সভার অনুমতি দেয় উত্তর ২৪ পরগনা জেলা পুলিশ। সেখানে দাঁড়িয়েই তৃণমূল কংগ্রেস এবং বাম নেতাকর্মীদের উদ্দেশ্যে ওই বার্তা দিয়েছেন বিমান বসু। একই সঙ্গে দলীয় কর্মীদের লাগাতার প্রতিবাদের মাধ্যমে প্রতিরোধ গড়ে তোলার নির্দেশ দিয়েছেন তিনি।
আমডাঙা কাণ্ডের মূল অভিযুক্ত সিপিএম নেতা জাকির বল্লুকে সুদূর রাজস্থান থেকে গ্রেফতার করে পুলিশ। ধৃত জাকিরকে নিরপরাধ বলে দাবি করেছেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। একই সুর শোনা গিয়েছে আমডাঙার সভার হাজির থাকা সিপিএম বিধায়ক সুজন চক্রবর্তীর গলায়। এদিনের সভায় বিমান বসু, সুজন চক্রবর্তী ছাড়াও হাজির ছিলেন উত্তর ২৪ পরগনা জেলার বাম নেতৃত্ব।



