
ইমিগ্রেশন অভিযানে ৫৭ গ্রেপ্তার: বডি-ক্যামেরায় প্রকাশ পেল নিউইয়র্কের কারখানার ভেতরের চিত্র
Cato-র Nutrition Bar Confectioners কারখানায় ফেডারেল অভিযান; শতাধিক কর্মীকে জিজ্ঞাসাবাদের অভিযোগ, সাংবিধানিক অধিকার নিয়ে প্রশ্ন
শাহ্ জে. চৌধুরী :
নিউইয়র্কের Wayne County-এর Cato শহরে অবস্থিত Nutrition Bar Confectioners (NBC) খাদ্য কারখানায় পরিচালিত ফেডারেল ইমিগ্রেশন অভিযানের বডি-ক্যামেরা ফুটেজ প্রকাশ্যে আসার পর কর্মীদের আটক, জিজ্ঞাসাবাদ এবং ফেডারেল কর্মকর্তাদের ক্ষমতার সীমা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।
২০২৫ সালের ৪ সেপ্টেম্বর Cato-র ওই কারখানায় অভিযান চালিয়ে ৫৭ জন কর্মীকে গ্রেপ্তার করা হয়। প্রায় ৬০ জন ফেডারেল কর্মকর্তা অভিযানে অংশ নেন। ফুটেজে কর্মকর্তাদের কারখানায় প্রবেশ, কর্মীদের একত্র করা, উৎপাদন এলাকা, গুদাম ও অফিসে তল্লাশি এবং কর্মীদের নাগরিকত্ব ও অভিবাসন-সংক্রান্ত তথ্য জানতে চাওয়ার দৃশ্য দেখা যায়।
মামলায় অভিযোগ করা হয়েছে, অভিযানের সময় ১০০ জনেরও বেশি কর্মীকে আটক ও জিজ্ঞাসাবাদ করা হয়। তাদের মধ্যে যুক্তরাষ্ট্রের নাগরিক ও বৈধভাবে বসবাসকারী ব্যক্তিও ছিলেন বলে দাবি করা হয়েছে।
অভিযানের বৈধতা নিয়ে প্রশ্ন তুলে মামলাকারী পক্ষের অভিযোগ, ফেডারেল কর্মকর্তারা সার্চ ওয়ারেন্টে অনুমোদিত সীমার বাইরে গিয়ে কর্মীদের আটক ও জিজ্ঞাসাবাদ করেছেন। এ ঘটনায় কর্মীদের সাংবিধানিক অধিকার লঙ্ঘনের অভিযোগও উঠেছে।
মামলায় আরও দাবি করা হয়েছে, গ্রেপ্তার হওয়া কর্মীদের মধ্যে ২০ জনেরও বেশি ব্যক্তির সন্তান রয়েছে। কয়েকজনকে নিউইয়র্কের বাইরে আটককেন্দ্রে নেওয়া হয় এবং কেউ কেউ পরবর্তীতে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কৃত হন বলে অভিযোগ করা হয়েছে।
সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, Cato-র Nutrition Bar Confectioners কারখানায় অভিযানটি একটি criminal search warrant কার্যকরের অংশ এবং চলমান তদন্তের সঙ্গে সংশ্লিষ্ট।
Cato-র এই অভিযান এখন শুধু ৫৭ জনের গ্রেপ্তারের ঘটনা নয়; এটি যুক্তরাষ্ট্রে অভিবাসন enforcement, কর্মীদের অধিকার এবং ফেডারেল ক্ষমতার সীমা নিয়ে গুরুত্বপূর্ণ বিতর্কের জন্ম দিয়েছে।



