
কুইন্সে তিন সহিংস অপহরণ মামলায় দোষী সাব্যস্ত আবু চৌধুরী
জ্যাকসন হাইটসে ডেটের কথা বলে ডেকে নিয়ে অপহরণ, দাবি করা হয় ২০ হাজার ডলার মুক্তিপণ
শাহ্ জে. চৌধুরী :
জ্যাকসন হাইটসে একটি কথিত ডেটের আড়ালে শুরু হয় অপহরণের ঘটনা। ফেডারেল আদালতের জুরির রায়ে কুইন্সের ৩৬ বছর বয়সী আবু চৌধুরী তিনটি সহিংস অপহরণ ও তিনটি অপহরণের ষড়যন্ত্রের অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন।
মার্কিন বিচার বিভাগের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ২৭ মার্চ থেকে ১১ মে পর্যন্ত Jamaica, Long Island City ও Jackson Heights এলাকায় তিনটি অপহরণের ঘটনা ঘটে।
জ্যাকসন হাইটসের ঘটনায় ভুক্তভোগী 72nd Street ও Broadway এলাকায় এক নারীর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন বলে প্রসিকিউশনের প্রমাণে উঠে আসে। সেখানে তাকে জোর করে একটি মিনিভ্যানে তুলে নেওয়া হয়। পরে তাকে একটি হোটেলে নিয়ে নির্যাতন করা হয় এবং তার বাবার কাছে ২০ হাজার ডলার মুক্তিপণ দাবি করা হয়।
প্রায় তিন দিন আটকে রাখার পর ভুক্তভোগীকে একটি পরিত্যক্ত বাড়িতে রেখে যাওয়া হয়। সেখান থেকে পালিয়ে তিনি স্থানীয়দের সহায়তায় ৯১১-এ ফোন করেন এবং হাসপাতালে চিকিৎসা নেন।
এই মামলায় আরও কয়েকজন আসামি আগে দোষী সাব্যস্ত বা দোষ স্বীকার করেছেন। আবু চৌধুরীর সাজা এখনো ঘোষণা হয়নি; ফেডারেল আইনে তার যাবজ্জীবন কারাদণ্ড পর্যন্ত হতে পারে।
তদন্তে FBI ও NYPD-এর সদস্যরা কাজ করেছেন বলে মার্কিন বিচার বিভাগ জানিয়েছে।
সূত্র: U.S. Department of Justice — Eastern District of New York



