বিনোদনপ্রবাস

তারকাদের ঝলকানিতে নিউইয়র্কে অনুষ্ঠিত হলো ‘ঢালিউড অ্যাওয়ার্ড ২০২৬’

নিজস্ব সংবাদদাতা ॥ নিউইয়র্ক ॥
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের লং আইল্যান্ড সিটির ইভাঞ্জেল চার্চ সেন্টারে গত ১০ অক্টোবর ২০২৬ তারিখে এক বর্ণিল ও জমকালো আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে প্রবাসী বাংলাদেশিদের সবচেয়ে জনপ্রিয় সাংস্কৃতিক উৎসব ‘ঢালিউড অ্যাওয়ার্ড ২০২৬’।
জনপ্রিয় বিনোদন আয়োজনকারী প্রতিষ্ঠান ‘শো টাইম মিউজিক’-এর ব্যবস্থাপনায় এবং অল কাউন্টি হোমকেয়ার প্রেজেন্টস্ অনুষ্ঠিত এই আসরটি দেশ ও প্রবাসের শিল্পীদের মিলনমেলায় পরিণত হয়।
অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত পুরো প্রাঙ্গণজুড়ে ছিল উপচে পড়া ভিড় ও উৎসবমুখর পরিবেশ। তারকার ঝলকানিতে মুখরিত হয়ে ওঠে পুরো ইভাঞ্জেল চার্চ সেন্টার। এই আয়োজনের মূল আকর্ষণ ছিলেন ঢালিউডের মেগাস্টার শাকিব খান, যার উপস্থিতি অনুষ্ঠানটিকে ভিন্ন মাত্রায় উন্নীত করে। যদিও উপস্থিত দর্শকরা শাকিব খানের কাছ থেকে বিশেষ কোনো পারফরম্যান্স বা অভিনয় আশা করেছিলেন, কিন্তু সে আশা পূর্ণ হয়নি। এছাড়া সংগীতাংশের পরিবেশনায় সংগীতশিল্পী রিজিয়া পারভিনের সাথে নিউইয়র্কের স্থানীয় নৃত্যশিল্পীদের নাচ ছিল কিছুটা অগোছালো। মঞ্চে অভিনেতা অমিত হাসান ও ইমন, শিরিন শীলা, জনির সাথে নৃত্যে অংশগ্রহণ করেন স্থানীয় নৃত্যশিল্পীবৃন্দ।
এবারের আসরে বিভিন্ন বিভাগে সেরাদের হাতে তুলে দেওয়া হয় মর্যাদাপূর্ণ পুরস্কার। চলচ্চিত্রে অসামান্য অবদানের জন্য শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে পুরস্কার অর্জন করেন মেগাস্টার শাকিব খান এবং শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে পুরস্কৃত হন জনপ্রিয় চিত্রনায়িকা তমা মির্জা। শ্রেষ্ঠ পরিচালকের পুরস্কার লাভ করেন রায়হান রাফি, শ্রেষ্ঠ চলচ্চিত্র হিসেবে পুরস্কৃত হয় ‘বরবাদ’ এবং শ্রেষ্ঠ গীতিকার হিসেবে সম্মাননা পান খ্যাতিমান শিশুসাহিত্যিক ও গীতিকার হুমায়ূন কবীর ঢালী। খলচরিত্রে সেরা অভিনেতার পুরস্কার জিতে নেন নন্দিত অভিনেতা মিশা সওদাগর।
চলচ্চিত্র ও ওটিটি প্ল্যাটফর্মের বিভিন্ন শাখায় বিশেষ অবদান রাখার জন্য আরও বেশ কয়েকজন তারকা ও কলাকুশলীকে বিশেষ পুরস্কারে ভূষিত করা হয়। এই তালিকায় ছিলেন শক্তিমান অভিনেতা ও নির্মাতা আফজাল হোসেন, অভিনেতা অমিত হাসান, বহুমুখী প্রতিভাবান অভিনেতা চঞ্চল চৌধুরী, নির্দেশক অমিতাভ রেজা, অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা, শারমিনা খান মাহি, শিরিন শীলা, দীঘি, ফাল্গুনি রহমান জলি, স্পর্শিয়া এবং অভিনেতা ইমনসহ আরও অনেকে। পাশাপাশি সংগীতাঙ্গনের অবদানকে স্বীকৃতি জানিয়ে ফোক, রক ও আধুনিক গানের বিভিন্ন বিভাগে পুরস্কার লাভ করেন ইবরার টিপু, কামরুজ্জামান বকুল, শাহ মাহবুব এবং বিন্দুকণার মতো জনপ্রিয় শিল্পীরা।
বাংলা মিডিয়া ও চলচ্চিত্রে দীর্ঘ অবদানের স্বীকৃতিস্বরূপ আজীবন সম্মাননা প্রদান করা হয় ইমপ্রেস টেলিফিল্ম ও চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগরকে।
পুরো অনুষ্ঠানটি অত্যন্ত আকর্ষণীয় ও প্রাণবন্তভাবে সঞ্চালনা করেন জনপ্রিয় উপস্থাপিকা শারমিনা সিরাজ সোনিয়া ও ফাহাদ সোলায়মান। অন্যদিকে, এই বিশাল আয়োজনের সার্বিক দায়িত্বে ছিলেন শো টাইম মিউজিকের প্রেসিডেন্ট খাইরুল ইসলাম খোকন। তবে শোটাইম মিউজিকের প্রতিষ্ঠাতা আলমগীর খান আলমের অনুপস্থিতি উপস্থিত কলাকুশলী, দর্শক ও স্পন্সর প্রতিষ্ঠানগুলোর মধ্যে অনুভূত হয়।
দেশ ও প্রবাসের জনপ্রিয় শিল্পীদের নাচ-গান এবং ‘প্রেম কালেকশন’-এর সৌজন্যে আকর্ষণীয় ফ্যাশন শোসহ নানা জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে সফলভাবে সম্পন্ন হওয়া এই ঢালিউড অ্যাওয়ার্ডস প্রবাসীদের হৃদয়ে দীর্ঘদিন স্মৃতির পাতায় উজ্জ্বল হয়ে থাকবে।

ছবি

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension