
‘দ্য ব্যাটম্যান পার্ট টু’তে চরিত্র নিয়ে দুশ্চিন্তায় স্কারলেট জোহানসন
হলিউডের আলোচিত সিনেমা ‘দ্য ব্যাটম্যান পার্ট টু’তে অভিনয়ের অভিজ্ঞতা সহজ ছিল না স্কারলেট জোহানসনের জন্য। সিনেমায় নিজের চরিত্রটি বুঝে উঠতে বেশ বেগ পেতে হয়েছে তাকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজেই এ কথা জানিয়েছেন অভিনেত্রী।
এ সময় আসন্ন সিনেমা ‘দ্য এক্সরসিস্ট : মার্টায়ার্স’ ও ‘দ্য ব্যাটম্যান পার্ট টু’ নিয়ে কথা বলেন স্কারলেট।
কোন সিনেমার চরিত্র তাকে সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্যের বাইরে নিয়ে গেছে, এমন প্রশ্নে তিনি বলেন, ‘সম্ভবত দ্য ব্যাটম্যানের চরিত্রটি। এটি আমাকে এক ধরনের অস্তিত্বসংক্রান্ত উদ্বেগে ফেলেছিল।’
চরিত্রটি বুঝে ওঠা কেন এত কঠিন ছিল, তা অবশ্য স্পষ্ট করতে পারেননি অভিনেত্রী।
তিনি বলেন, ‘এটি নিয়ে কাজ করা সত্যিই কঠিন ছিল। জানি না, এর কারণ চরিত্রটি, নাকি জীবনের এ পর্যায়ে আমার অবস্থান।
তবে অনেক দিক থেকেই এটি ছিল কঠিন একটি ভূমিকা।’ ২০২২ সালের ‘দ্য ব্যাটম্যান’-এর সিক্যুয়েলটি পরিচালনা করছেন ম্যাট রিভস।
এতে ব্যাটম্যান চরিত্রে ফিরছেন রবার্ট প্যাটিনসন। স্কারলেটের পাশাপাশি নতুন করে যুক্ত হয়েছেন সেবাস্টিয়ান স্ট্যান, চার্লস ড্যান্স ও ব্রায়ান টাইরি হেনরির মতো অভিনেতারা।
তবে স্কারলেট কোন চরিত্রে অভিনয় করছেন, তা এখনো গোপন রাখা হয়েছে। সিনেমাটি ২০২৮ সালের ১৮ ফেব্রুয়ারি মুক্তি পাওয়ার কথা রয়েছে।



