বিনোদন

এক শর্তে জ্যাক স্প্যারো হয়ে ফিরতে রাজি জনি ডেপ

‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’ ফ্র্যাঞ্চাইজির জনপ্রিয় জলদস্যু ক্যাপ্টেন জ্যাক স্প্যারো চরিত্রে আবারও ফিরতে পারেন হলিউড তারকা জনি ডেপ। তবে ষষ্ঠ কিস্তিতে অভিনয়ের বিষয়ে এখনই নিশ্চিত করে কিছু বলেননি তিনি। জানিয়েছেন, ফিরতে হলে তার একটাই উদ্দেশ্য-প্রিয় এই ফ্র্যাঞ্চাইজির সমাপ্তি যেন আরও সুন্দর ও স্মরণীয় হয়।

সম্প্রতি ‘এবেনেজার’ সিনেমার প্রচারণায় এন্টারটেইনমেন্ট টুনাইটকে দেওয়া এক সাক্ষাৎকারে ডেপ বলেন, ‘পাইরেটস’ ফ্র্যাঞ্চাইজির শেষটা কীভাবে আরও ভালো করা যায়, সেটাই তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্রযোজক জেরি ব্রুকহাইমারের সঙ্গে কাজ করার বিষয়ে তার আগ্রহেরও কমতি নেই। ডেপ জানান, ব্রুকহাইমার তার ঘনিষ্ঠ বন্ধু। তার প্রতি অভিনেতার গভীর আস্থা রয়েছে।

এর আগে ২০২৫ সালের গ্রীষ্মে এন্টারটেইনমেন্ট উইকলিকে দেওয়া সাক্ষাৎকারে ব্রুকহাইমার জানিয়েছিলেন, নতুন ‘পাইরেটস’ সিনেমা নিয়ে ডেপের সঙ্গে তার কথা হয়েছে। তিনি বলেন, চিত্রনাট্য পছন্দ হলে জ্যাক স্প্যারো চরিত্রে ফিরতে পারেন ডেপ। তবে এখনো চিত্রনাট্যের কাজ চলছে।

২০০৩ থেকে ২০১৭ সাল পর্যন্ত ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’ সিরিজের পাঁচটি সিনেমায় অভিনয় করেছেন ডেপ। বিশ্বব্যাপী সিনেমাগুলোর সম্মিলিত আয় প্রায় ৪৫০ কোটি ডলার। এর মধ্যে ‘ডেড ম্যানস চেস্ট’ (২০০৬) ও ‘অন স্ট্রেঞ্জার টাইডস’ (২০১১) আয় করেছিল ১০০ কোটি ডলারের বেশি।

ষষ্ঠ সিনেমা নির্মাণের পরিকল্পনা অবশ্য বেশ পুরোনো। ২০২০ সালে ডিজনি সিরিজটির দুটি নতুন সিনেমা নিয়ে কাজ শুরু করে। একটি ছিল মার্গট রবির নেতৃত্বে নতুন গল্প, অন্যটি মূল ফ্র্যাঞ্চাইজির ষষ্ঠ কিস্তি। তবে পরবর্তী সময়ে মার্গট রবির সিনেমার পরিকল্পনা আর এগোয়নি।

বর্তমানে চিত্রনাট্যকার জেফ ন্যাথানসনকে নিয়ে ‘পাইরেটস ৬’-এর কাজ এগিয়ে নিচ্ছেন ব্রুকহাইমার। তার দাবি, চিত্রনাট্যের তৃতীয় অঙ্ক দারুণ হয়েছে, বাকি অংশের কিছু পরিমার্জন প্রয়োজন।

এদিকে সাবেক স্ত্রী অ্যাম্বার হার্ডের সঙ্গে আইনি লড়াই এবং মানহানির মামলা ঘিরে কয়েক বছর হলিউডে অনিয়মিত ছিলেন ডেপ। তবে নতুন সিনেমা ‘এবেনেজার’ ও ২০২৮ সালের থ্রিলার ‘ডে ড্রিঙ্কার’ দিয়ে ফিরছেন বড় পর্দায়।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension