
কোয়াডের হাত ধরে ইন্দো-প্যাসিফিকে প্রভাব বাড়াতে চায় ভারত
ইন্দো-প্যাসিফিক অঞ্চলে নিরাপত্তা ও অর্থনৈতিক সহযোগিতা জোরদারে কোয়াডকে ‘গঠনমূলক ও নির্ভরযোগ্য অংশীদারত্ব’ হিসেবে অভিহিত করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
তার মতে, সামুদ্রিক নিরাপত্তা, সরবরাহব্যবস্থা, নতুন প্রযুক্তি থেকে শুরু করে দুর্যোগ মোকাবিলা- বিভিন্ন ক্ষেত্রে পুরো ইন্দো-প্যাসিফিক অঞ্চলের জন্য নির্ভরযোগ্য সমাধান দিচ্ছে এই জোট।
মঙ্গলবার ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় কোয়াডের নেতাদের বৈঠকে এসব কথা বলেন মোদি। এ সময় তিনি জোটটির পরবর্তী পর্যায়ের সহযোগিতার জন্য সুনির্দিষ্ট লক্ষ্য নির্ধারণের ওপর গুরুত্ব দেন।
মোদি বলেন, ম্যানিলার সঙ্গে কোয়াডের দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে। ২০০৭ সালে এই শহরেই চার দেশের কর্মকর্তারা প্রথমবারের মতো বৈঠক করেছিলেন। পরে ২০১৭ সালে আবারও ম্যানিলায় তাদের সংলাপ শুরু হয়। ফলে একই শহরে আবারও কোয়াডের বৈঠক আয়োজন একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।
ভারতের প্রধানমন্ত্রী আরও জানান, চার দেশের পররাষ্ট্রমন্ত্রীরা এ পর্যন্ত পাঁচবার বৈঠক করেছেন। তার মতে, এটি জোটটির প্রতি সদস্যদেশগুলোর রাজনৈতিক সদিচ্ছা ও অভিন্ন অঙ্গীকারের প্রমাণ।
তিনি বলেন, ‘ভারতের কাছে কোয়াড একটি গঠনমূলক ও নির্ভরযোগ্য অংশীদারত্ব। সামুদ্রিক নিরাপত্তা থেকে সরবরাহব্যবস্থা, নতুন প্রযুক্তি থেকে দুর্যোগ মোকাবিলা- ইন্দো-প্যাসিফিক অঞ্চলের জন্য নির্ভরযোগ্য সমাধান দিচ্ছে কোয়াড।’
জোটটির অগ্রগতিতে অন্য নেতাদের নেতৃত্ব ও সহযোগিতার প্রশংসা করে মোদি আশা প্রকাশ করেন, এবারের বৈঠকের মধ্য দিয়ে সহযোগিতার পরবর্তী পর্যায়ের জন্য বাস্তবভিত্তিক লক্ষ্য নির্ধারণ করা সম্ভব হবে।
এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার কোয়াডভুক্ত দেশগুলোর নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেন। বৈঠকের আগে ম্যানিলায় আসিয়ান সম্মেলনের পার্শ্ববৈঠকে চার নেতাকে নিয়ে একটি যৌথ ছবিও তোলা হয়। এতে মোদি, ট্রাম্প, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ এবং জাপানের প্রধানমন্ত্রী সানা তাকাইচি অংশ নেন।
ট্রাম্পের বর্তমান মেয়াদে এটিই কোয়াড নেতাদের প্রথম পর্যায়ের বৈঠক। ২০০৭ সালে যাত্রা শুরু করা এই জোটে রয়েছে ভারত, যুক্তরাষ্ট্র, জাপান ও অস্ট্রেলিয়া। ইন্দো-প্যাসিফিক অঞ্চলে নিরাপত্তা ও বিভিন্ন খাতে সহযোগিতা বাড়ানোই এর অন্যতম লক্ষ্য। বৈঠকটি আসিয়ান-সংশ্লিষ্ট সম্মেলনের পার্শ্বসূচিতে অনুষ্ঠিত হয়। সূত্র: রয়টার্স, টাইমস অব ওমান



