
আসামে নাগরিকত্ব ও ভোটার তালিকা পুনঃযাচাইয়ের জোরালো দাবি
পুনরায় যাচাই করতে হবে NRC, ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের আহ্বান সর্ব অসম ছাত্র সংস্থার
হোসনেআরা চৌধুরী :
ভারতের আসামে জাতীয় নাগরিকপঞ্জি (NRC) পুনরায় যাচাই এবং ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন (SIR) কার্যকরের দাবি জোরালো করেছে সর্ব অসম ছাত্র সংস্থা (AASU)। সংগঠনটির দাবি, নাগরিকত্বের প্রশ্নে স্বচ্ছতা নিশ্চিত করা এবং অবৈধ বিদেশি নাগরিকদের শনাক্ত করার লক্ষ্যে এ দুটি উদ্যোগ জরুরি।
গুয়াহাটিতে সংগঠনটির ৬০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে AASU-এর প্রধান উপদেষ্টা সমুজ্জ্বল ভট্টাচার্য এসব দাবি তুলে ধরেন। তিনি বলেন, আসাম চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়ন এখনো একটি গুরুত্বপূর্ণ অমীমাংসিত বিষয়। কয়েক দশক পেরিয়ে গেলেও ধারাবাহিক সরকারগুলো এ বিষয়ে প্রত্যাশিত অগ্রগতি অর্জন করতে পারেনি।
আসামের আদিবাসী ও স্থানীয় জনগোষ্ঠীর সাংবিধানিক সুরক্ষা নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেন তিনি। এ লক্ষ্যে কেন্দ্রীয় সরকার, আসাম সরকার এবং AASU-এর মধ্যে ত্রিপক্ষীয় বৈঠক আয়োজনের আহ্বান জানান। তাঁর মতে, সংশ্লিষ্ট সুপারিশের অধিকাংশ রাজ্য পর্যায়ে বাস্তবায়িত হলেও কেন্দ্রীয় সরকারের আওতাধীন কিছু বিষয় এখনো অনিষ্পন্ন রয়েছে।
ভোটার তালিকা সংশোধনের দাবি আসাম আন্দোলনের সময় থেকেই উত্থাপিত হয়ে আসছে উল্লেখ করে ভট্টাচার্য বলেন, নাগরিকপঞ্জি পুনঃযাচাই এবং ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের দাবিতে সংগঠনটির অবস্থান অব্যাহত থাকবে। একই সঙ্গে আলোচনার মাধ্যমে দীর্ঘদিনের সমস্যার সমাধানের ওপরও গুরুত্ব দেন তিনি।
আসামে নাগরিকত্ব, অভিবাসন এবং স্থানীয় জনগোষ্ঠীর অধিকার নিয়ে দীর্ঘদিনের বিতর্কের প্রেক্ষাপটে AASU-এর এই দাবি রাজ্যটির রাজনৈতিক ও প্রশাসনিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিতে পারে।



