
‘ট্রাম্পের সমর্থন বেপরোয়া করেছে সৌদি যুবরাজকে’
রূপসী বাংলা আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবের ভিন্নমতাবলম্বী সাংবাদিক জামাল খাশোগির নিখোঁজের ঘটনায় সৌদি যুবরাজ মোহাম্মাদ বিন সালমানকে দায়ী করেছেন প্রখ্যাত মার্কিন সিনেটর বার্নি স্যান্ডার্স। তার দাবি, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের লাই পেয়েই বোপোরোয়া হয়ে উঠেছেন সৌদি যুবরাজ।
মঙ্গলবার জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ে দেয়া এক বক্তৃতায় স্যান্ডার্স বলেন, যুক্তরাষ্ট্রের একচ্ছত্র সমর্থন সৌদি যুবরাজ মোহাম্মাদ বিন সালমানকে এতটাই ধৃষ্ট করে তুলেছে যে, তিনি যেকোনো অপরাধ এমনকি হত্যাকাণ্ড চালাতেও দ্বিধা করছেন না।
ভেরমন্ট অঙ্গরাজ্যের এই স্বতন্ত্র সিনেটর বলেন, সৌদি আরবের ক্ষমতায় রয়েছে একটি একনায়কতান্ত্রিক ও স্বৈরাচারী সরকার এবং তারা কোনো অবস্থাতেই বিরুদ্ধ মতবাদ সহ্য করে না।
এসময় তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তীব্র সমালোচনা করে বলেন, বিশ্বের সবচেয়ে শক্তিশালী গণতান্ত্রিক দেশের প্রেসিডেন্ট হয়ে তিনি সৌদি আরবের স্বৈরশাসককে সমর্থন করে যাচ্ছেন।



