
৩০ অক্টোবর পর যে কোন সময় নির্বাচনী তফসিল ঘোষণা
রূপসী বাংলা ঢাকা ডেস্ক রিপোর্ট: গতকাল সোমবার বিকেল সোয়া ৫টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতিমূলক বৈঠক শেষে সাংবাদিকদের বলেছেন, ৩০ অক্টোবর পর যে কোন সময় নির্বাচনী তফসিল ঘোষণা করা হবে।
হেলালুদ্দীন আহমদ জানান, একাদশ সংসদ নির্বাচনের খরচ নির্বাহ করতে ৭০০ কোটি টাকার একটি বাজেট অনুমোদিত হয়েছে। এবার ভোট গ্রহণের জন্য ৪০ হাজার ১৯৯টি ভোট কেন্দ্র চূড়ান্ত করা হয়েছে। এছাড়া অতিরিক্ত ৫ শতাংশ কেন্দ্র প্রস্তুত রাখার সিদ্ধান্ত হয়েছে। এছাড়া আসনভিত্তিক ভোটার তালিকা প্রস্তুত করা হয়েছে। সেগুলো সিডি আকারে প্রতিটি আসনে পাঠানো হয়েছে।

নির্বাচন কমিশন সচিব আরও বলেন, এবারের নির্বাচনে দেশি-বিদেশি পর্যবেক্ষকদের আমন্ত্রণ জানানোর সিদ্ধান্তও নেয়া হয়েছে। অনলাইনে মনোনয়নপত্র জমা দেয়ার সুযোগ রাখা হয়েছে।
এবার বিশেষ প্রযুক্তি ব্যবহার করে নির্বাচন কমিশন থেকে ভোটের ফলাফল ঘোষণা করা হবে। নির্বাচনের আগে প্রধান নির্বাচন কমিশনার আটটি বিভাগীয় জেলা এবং পার্বত্য চট্টগ্রামের রাঙামাটিসহ মোট ১০টি জেলায় সভা করবেন।
নির্বাচন কমিশনার মাহবুব তালুকদারের সভা বর্জন প্রসঙ্গে ইসি সচিব হেলালুদ্দীন আহমদ জানান, তিনি একটি বিষয় সভার এজেন্ডায় অর্ন্তভূক্ত করার দাবি জানিয়েছিলেন, কিন্তু বাকি তিন কমিশনার ও প্রধান নির্বাচন কমিশনার সে বিষয়ে একমত হন নি। এ কারণে তিনি সভা বর্জন করেছেন।



