
রূপসী বাংলা ঢাকা ডেস্ক রিপোর্ট: সর্বস্তরের মানুষের শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে নেয়া হয়েছে দেশের কিংবদন্তি ব্যান্ডতারকা আইয়ুব বাচ্চুর মরদেহ। শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে আইয়ুব বাচ্চুর মরদেহ আনা পর থেকে লাইন ধরে শ্রদ্ধা জানান শিল্পী, অভিনেতা, অভিনেত্রী, কলাকুশলী, ভক্ত থেকে শুরু করে সর্বস্তরের জনতা। শ্রদ্ধা জানানো শেষে আইয়ুব বাচ্চুর মরদেহ নেয়া হবে জাতীয় ঈদগাহ ময়দানে। সেখানে বাদ জুমা তার প্রথম জানাজা হবে। পরে আইয়ুব বাচ্চুর মরদেহ নিয়ে যাওয়া হবে মগবাজারে তার নিজের স্টুডিও এবি কিচেনে। সেখানে দ্বিতীয় জানাজা হবে চ্যানেল আই প্রাঙ্গণে। পরে তার মরদেহ রাখা হবে হিমঘরে।কিংবদন্তি এই সংগীতশিল্পী গতকাল বৃহস্পতিবার সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন।
সন্তানের অপক্ষোয় আইয়ুব বাচ্চুর নিথর দেহ
কানাডায় রয়েছেন আইয়ুব বাচ্চুর ছেলে আহনাফ তাজোয়ার। তিনি পরিসংখ্যান বিষয়ে পড়াশোনা করছেন ইউনিভার্সিটি অব ব্রিটিশ কলম্বিয়ায়। মেয়ে ফাইরুজ সাফরা আইয়ুব থাকেন অস্ট্রেলিয়ায়। আজ দুজনেই উড়ে আসছেন বাবাকে শেষ দেখা দেখতে। দুপুরে জানাজা শেষে কিংবদন্তির মরদেহ নিয়ে চট্টগ্রামে যাত্রা শুরু করবে পরিবার। এর পর শনিবার দুপুরে মায়ের কবরের পাশেই সমাহিত করা হবে আইয়ুব বাচ্চুকে।
গতকাল আইয়ুব বাচ্চুর আকস্মিক মৃত্যুর খবর শুনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং সৌদি আরবে অবস্থানরত প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর শোক প্রকাশ করেছেন।
আইয়ুব বাচ্চু ১৯৬২ সালে চট্টগ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৭৮ সালে -ফিলিংস ব্যান্ডদলের মাধ্যমে তিনি গানের জগতে পা রাখেন। পরে ১৯৯১ সালে তিনি এলআরবি ব্যান্ড দলের গঠনের মাধ্যমে তিনি দর্শক শ্রোতাদের উপহার দিয়েছেন একের পর এক অসাধারণ গান। ক্যারিয়ারে মোট ১৬টি একক অ্যালবাম করেছেন আইয়ুব বাচ্চু। ব্যান্ড অ্যালবাম করছেন ১২টি। এর মধ্যে তার গাওয়া প্রায় সবকটি গানই হিট।



