বিনোদন

সম্পর্কের নাম দিতে চান মালাইকা-অর্জুন, আগামী বছরেই ছাদনাতলায় এই জুটি!

রূপসী বাংলা বিনোদন ডেস্ক: মাত্র ক’দিন আগেই আরবাজ খান স্বীকার করেছেন যে জর্জিয়া আন্দ্রিয়ানির সঙ্গেই ডেট করছেন তিনি। আর তার কয়েক ঘণ্টার মধ্যেই বাজারে এল নতুন খবর। শোনা যাচ্ছে, আগামী বছরেই নাকি গাঁটছড়া বাঁধতে চলেছেন মালাইকা অরোরা এবং অর্জুন কাপুর।

দীর্ঘদিন ধরেই একসঙ্গে দেখা যাচ্ছে মালাইকা এবং অর্জুনকে। বিভিন্ন পার্টি থেকে নামিদামী রেস্তোরাঁ বহু জায়গাতেই এক ফ্রেমে বন্দি হয়েছেন এই দুই তারকা। তাঁরা যে ডেট করছেন এটা বলিউডের ওপেন সিক্রেট। যদিও এই বিষয়ে মুখ খোলেননি মালাইকা বা অর্জুন কেউই। তবে সূত্রের খবর, এ বার নাকি নতুন করে সংসার বাঁধতে চলেছেন মালাইকা। বারো বছরের ছোট অর্জুন কাপুরকেই জীবনসঙ্গী হিসেবে বেছে নিতে চলেছেন তিনি। যদিও সবটাই জল্পনা। কারণ কোনও নির্দিষ্ট খবর এখনও পাওয়া যায়নি। তবে সম্প্রতি একসঙ্গেই ইতালি বেড়াতে গিয়েছিলেন এই দুই তারকা। মালাইকার জন্মদিন পালন কুরতেন নাকি ইতালি উড়ে গিয়েছিলেন অর্জুন। কানাঘুষো শোনা গিয়েছে এমনটাই। এমনকী অর্জুনের হাত ধরে মিলান বিমানবন্দরে হাঁটতেও দেখা গিয়েছে মালাইকাকে। সোশ্যাল মিডিয়ায় ভাইরালও হয়েছে সেই ছবি।

এ ছাড়াও সম্প্রতি এক রিয়েলিটি শোয়ের শ্যুটিং ফ্লোরের কিছু ভিডিও ইনস্টাগ্রামে শেয়ার করেছেন করণ জোহর। আর সেখানে করণ মালাইকাকে জিজ্ঞাসাও করেন কার সঙ্গে জন্মদিন পালন করতে ইতালি গিয়েছিলেন মালাইকা। নাহ জবাব দেননি তিনি। মিষ্টি হেসে এড়িয়ে গিয়েছেন। তবে এই হাসিই যেন বুঝিয়ে দিয়েছে যে খুব জলদিই নিজেদের সম্পর্ককে নাম দিতে চলেছেন মালাইকা এবং অর্জুন। অর্জুনের ছবি নমস্তে ইংল্যান্ডের প্রোমোশনের সময়েও একই মঞ্চে নাচ করতে দেখা গিয়েছিল মালাইকা এবং অর্জুনকে।

দীর্ঘ ১৮ বছর আরবাজ খানের ঘরণী ছিলেন মালাইকা। কিন্তু তারপর আচমকাই বিচ্ছেদের সিদ্ধান্ত নেন দু’জনেই। মডেল জর্জিয়া আন্দ্রিয়ানির সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন আরবাজ। মালাইকার জীবনের অবাধ প্রবেশ ঘটে অর্জুন কাপুরের। দুজনের বিবাহ বহির্ভূত সম্পর্কই তাঁদের ১৮ বছরের দাম্পত্যে ফাটল ধরিয়েছে বলে মনে করেন আরবাজ এবং মালাইকার ঘনিষ্ঠরা।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension