বিনোদন

অবশেষে ‘দেবী’ দেখলেন হুমায়ূন আহমেদের সন্তানরা

রূপসী বাংলা বিনোদন ডেস্ক: হুমায়ূন আহমেদের উপন্যাস অবলম্বনে অনম বিশ্বাসের সিনেমা ‘দেবী’ নিয়ে চলছে তুমুল আলোচনা। ছবিটি মুক্তির পর থেকে দর্শক সাড়াও পাওয়া যাচ্ছে বেশ ভাল। কিন্তু এ বিষয়ে হুমায়ূন পরিবারের কোনও সদস্যের কাছে থেকে এ পর্যন্ত কোনও মন্তব্য কিংবা প্রতিক্রিয়া পাওয়া যায়নি। যদিও এই ছবির প্রযোজক ও অভিনেত্রী জয়া আহসান বার বার বলে আসছেন, ছবিটি নির্মাণের আগে হুমায়ূন পরিবারের সদস্যদের সঙ্গে তিনি আলাপ করে ও অনুমোদন নিয়েই কাজটি করেছেন।

তবে সব ভাবনার অবসান ঘটিয়ে আবারও ‘দেবী’ নিয়ে চমক দিলেন জয়া আহসান। সামাজিক যোগাযোগ মাধ্যমে শনিবার তিনি পোস্ট করেছেন হুমায়ূন সন্তানদের সঙ্গে তার বেশ কিছু ছবি।

প্রেক্ষাগৃহের বাইরে দাঁড়িয়ে শীলা আহমেদ ও নুহাশ হুমায়ূনের সঙ্গে পৃথক দুটি ছবি ফেসবুকে প্রকাশ করে তার ক্যাপশনে জয়া লিখেছেন, আমার অভিনয় জীবনের শুরু থেকেই যখন কেউ আমার কাছে জানতে চেয়েছে, প্রিয় অভিনেত্রী কে? আমি বরাবরই শিলা আহমেদ-এর নামটি নিয়েছি। আমি নিশ্চিত, আমার মত আরো অনেকেই শিলা আহমেদের অভিনয়ের ভক্ত। সেই শিলা আমার প্রযোজিত প্রথম চলচ্চিত্র ‘দেবী’ দেখতে এসে আমাদের অনেক বেশি সম্মানিত করেছে। আমি কৃতজ্ঞ। আমরা কৃতজ্ঞ।

নুহাশ হুমায়ূনের কথাও আলাদাভাবে উল্লেখ করতে চাই। ‘দেবী’ চলচ্চিত্রের শুরু থেকে এখন পর্যন্ত নুহাশকে পাশে পেয়েছি সবসময়। ধন্যবাদ নুহাশ হুমায়ূন।”

এছাড়া শাওন এবং নিষাদ ও নিনিতের সঙ্গে তোলা দুটি ছবিতে জয়া লেখেন, ‘নিষাদ দিয়েছে ১০ এ ১০। কিন্তু নিনিত ২ নম্বর কেটে রেখেছে। ‘দেবী’ দেখে ভয় পেয়েছে যে! বেচারা নাকি সারা রাত ঘুমুতে পারবে না। অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা আপনাদের দুজনের জন্য। সেই সাথে মেহের আফরোজ শাওন, আপনাকেও; আমাদের ‘দেবী’ চলচ্চিত্রের পাশে থাকবার জন্য ‘সি তে সিনেমা’র পক্ষ থেকে অশেষ কৃতজ্ঞতা।’

চার সন্তানের ‘দেবী’ দর্শনের সূত্র ধরে হুমায়ূন আহমেদ সম্পর্কে জয়া আহসান লেখেন, ‘আমরা যারা হুমায়ূন আহমেদ স্যারকে শ্রদ্ধা করি, ভালোবাসি, স্মরণ করি, তারা স্যারের পরিবারকেও ভীষণভাবে ভালোবাসি। নোভা, শীলা, বিপাশা, নুহাশ, নিষাদ, নিনিত- আমরা সবাই তোমাদের অনেক ভালোবাসি। তোমাদের জন্য দোয়া। স্যারের জন্য দোয়া। স্যার বেঁচে থাকবেন তার কাজের মাঝে, তোমাদের মাঝে।’

‘দেবী’ চলচ্চিত্রটি পরিবেশনা করছে জাজ মাল্টিমিডিয়া। এতে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, জয়া আহসান, অনিমেষ আইচ, শবনম ফারিয়া, ইরেশ যাকের প্রমুখ।

বাংলাদেশ জার্নাল/এনএইচ

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension