
জাতীয় নির্বাচন ২৩ ডিসেম্বর
রূপসী বাংলা ঢাকা ডেস্ক রিপোর্ট: আগামী ২৩ ডিসেম্বর, রোববার একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ করা হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা আজ জাতীর উদ্দেশে দেওয়া ভাষণে নির্বাচনের এই দিন ঘোষণা করেন।
ভাষণে সিইসি নির্বাচনের তফসিল ঘোষণা করেন। তফসিল অনুসারে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ আগামী ১৯ নভেম্বর, সোমবার। মনোনয়নপত্র যাচাই-বাছাই ২২ নভেম্বর, বৃহস্পতিবার। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৯ নভেম্বর, বৃহস্পতিবার।
আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় সিইসির ভাষণ সম্প্রচার করে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতার। ভাষণে তিনি নির্বাচনে ভোট গ্রহণে সীমিত আকারে ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার হবে বলে জানান। এ সময় তিনি ইতোপূর্বে বিভিন্ন স্থানীয় সরকার নির্বাচনে ইভিএম ব্যবহারের কথা উল্লেখ করে বলেন, জাতীয় নির্বাচনেও ইভিএম ব্যবহার করা গেলে নির্বাচনের গুণগতমান বৃদ্ধি পাবে এবং সময় ও অর্থের সাশ্রয় হবে।
ইভিএম ব্যবহার প্রসঙ্গে সিইসি বলেন, শহরগুলোর সংসদীয় নির্বাচনী এলাকা থেকে দ্বৈবচয়ন (লটারি) প্রক্রিয়ায় বেছে নেয়া অল্প কয়েকটিতে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ করা হবে। সরাসরি অথবা অনলাইনেও মনোনয়নপ্রত্র দাখিলের বিধান রাখা হয়েছে।
তিনি বলেন, সংবিধান মোতাবেক ২৮ জানুয়ারি ২০১৯ সালের মধ্যে নির্বাচন সম্পন্ন করার বাধ্যবাধকতা রয়েছে। নির্বাচন পরিচালনায় সবার সহযোগিতা, সাহায্য এবং সমর্থন কামনা করেন সিইসি। তিনি আশা করেন একটি ‘অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য’ নির্বাচন অনুষ্ঠান করতে কমিশন সফল হবে।
সিইসি দেশের সব রাজনৈতিক দলকে নির্বাচনে অংশগ্রহণ করার জন্য আহবান জানান। নির্বাচনী প্রতিযোগিতা যেন প্রতিহিংসায় রূপ না নেয় সেদিকে সবার নজর রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রতিদ্বন্দ্বীদের মধ্যে কোনও বিষয়ে মতানৈক্য বা মতবিরোধ থেকে থাকলে রাজনৈতিকভাবে তা মীমাংসার অনুরোধ জানাই। প্রত্যেক দল একে অপরের প্রতি সহনশীল, সম্মানজনক এবং রাজনীতিসুলভ আচরণ আমি প্রত্যাশা করছি।



