বাংলাদেশরাজনীতি

সহস্রাধিক গায়েবি মামলার তালিকা প্রধানমন্ত্রী কার্যালয়ে

রূপসী বাংলা ঢাকা ডেস্ক রিপোর্ট:  বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার জানিয়েছেন,  নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা ও গায়েবি মামলার দ্বিতীয় তালিকা প্রধানমন্ত্রীর কার্যালয়ে জমা দিয়েছে বিএনপি। মঙ্গলবার বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিএনপি নির্বাহী কমিটির সহ দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু এ তালিকা দেন।

শামসুদ্দিন দিদার বলেন, ১০০২টি মামলার তালিকা প্রধানমন্ত্রী কার্যালয়ে আজকে দেওয়া হয়েছে।

গত ৭ নভেম্বর প্রধানমন্ত্রীর কাছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সই করা একটি চিঠিসহ গায়েবি মামলার আংশিক তালিকা তিনি জমা দিয়েছিলেন।

গত ১ নভেম্বর জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে সংলাপে বিএনপি তাদের নেতা-কর্মীদের বিরুদ্ধে এই গায়েবি মামলার অভিযোগ করলে প্রধানমন্ত্রী তাদের কাছে এই তালিকা চান।

প্রধানমন্ত্রীকে দেওয়া তালিকার সঙ্গে বিএনপির চিঠিতে বলা হয়, কয়েক বছর ধরে বিএনপির জাতীয় নেতারাসহ দেশব্যাপী জেলা, মহানগর, উপজেলা, থানা, এমনকি ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাদের বিরুদ্ধেও ধারাবাহিকভাবে হাজার হাজার মিথ্যা, উদ্ভট, গায়েবি ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা করা হচ্ছে।

গত ১ সেপ্টেম্বর থেকে দেশজুড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যাপকহারে বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা ও গায়েবি মামলা দিয়ে জেলহাজতে পাঠিয়েছে এবং রিমান্ডে নিয়ে অকথ্য নির্যাতন করছে। এ ধরনের ন্যক্কারজনক ও অমানবিক ঘটনা নিঃসন্দেহে গভীর উদ্বেগজনক। ন্যূনতম কোনও সত্যতা বা প্রমাণ না থাকলেও নেতাকর্মীদের এ ধরনের বানোয়াট ও হাস্যকর মামলায় প্রতিদিন জড়ানো হচ্ছে।

চিঠিতে আরও বলা হয়, আশ্চর্য হলেও সত্য, বিএনপি ও অঙ্গ–সংগঠনের মৃত ব্যক্তি বা দেশের বাইরে অবস্থানরত ব্যক্তিদেরও মিথ্যা মামলায় আসামি করা হয়েছে।

 

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension