
অভিনব প্রতিবাদের মুখে ট্রাম্প!
রূপসী বাংলা ঢাকা ডেস্ক, আন্তর্জাতিক রিপোর্ট: গতকাল ১২ নভেম্বর সোমবার প্যারিস সফরে গিয়ে অভিনব প্রতিবাদের মুখে পড়েন ট্রাম্প। হিংসা ছড়ানোর অভিযোগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাড়ি বহরের পেছনে অর্ধনগ্ন হয়ে দৌড়ে অভিনব উপায়ে প্রতিবাদ জানিয়েছেন এক নারী। এ সময় দুই শতাধিক লোক বিক্ষোভ দেখান।
জানা গেছে, ‘ফেমেন’ নামে একটি নারীবাদী সংগঠন এই বিক্ষোভের আয়োজন করে। মার্কিন প্রেসিডেন্ট অশান্তি ছড়াচ্ছে এমন অভিযোগ তাদের। বিক্ষোভের পাশ দিয়ে ট্রাম্পের কনভয় যাওয়ার সময় তাদেরই একজন প্রকাশ্যে নগ্ন হয়ে ওই কনভয়ের পিছন পিছন দৌড়াতে থাকেন৷ তার শরীরে লেখা ছিল ‘ফেক পিসমেকার’।
এই ঘটনায় দুই মহিলাকে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করে পুলিশ। তবে তাদের গ্রেপ্তারের পর আন্দোলন আরও বেগবান হয়। কয়েক শতাধিক লোক রাস্তায় নেমে দিনভর বিক্ষোভ দেখায়। তাদের অভিযোগ, মুখে শান্তি বার্তা দিলেও আসলে ট্রাম্পই বিশ্বে সবচেয়ে বেশি হিংসা ও অশান্তির সৃষ্টি করছেন।
এই বিষয়ে এখনো মুখ খুলেননি ট্রাম্প। প্রথম বিশ্বযুদ্ধের একশ‘ বছরের স্মরণসভায় যোগ দিতে প্যারিসে আছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।



