
রূপসী বাংলা ঢাকা ডেস্ক রিপোর্ট: আজ বৃহস্পতিবার রাজধানীর বনানীতে জাপা চেয়ারম্যানের কার্যালয়ে দলীয় মনোনয়ন ফরম বিতরণের শেষ দিনে জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, বিএনপি শেষ পর্যন্ত নির্বাচনে থাকবে কি-না, তা নিয়ে সংশয় প্রকাশ করে বিএনপি অফিসের সামনে সংঘটিত বিশৃঙ্খলায় ইঙ্গিত পাওয়া যায়, তারা ভোটে নাও আসতে পারে।
প্রধানমন্ত্রীর বিশেষ দূত ও সাবেক রাষ্ট্রপতি এরশাদ বলেন, বিএনপি ভোট বর্জন করলে জাতীয় পার্টি ৩০০ আসনেই প্রার্থী দেবে। আওয়ামী লীগের সঙ্গে জোটবদ্ধ নির্বাচন করবে না। তিনি বলেন, আওয়ামী লীগের সঙ্গে জোটের ব্যাপারে এখনও আলোচনা শুরু হয় নি। বিএনপি নির্বাচনে অংশ নিলে আওয়ামী লীগের সঙ্গে জোটবদ্ধ হয়ে নির্বাচন করবে জাপা।
এরশাদ আশা করছেন, জোটবদ্ধ হলেও প্রত্যাশা অনুযায়ী সম্মানজনক সংখ্যক আসনে মহাজোটের মনোনয়ন পাবে জাপা। সাবেক এই রাষ্ট্রপতি বলেন, পাঁচ দিনে প্রায় আড়াই হাজার নেতা জাপার মনোনয়ন ফরম নিয়েছেন; যা খুবই ইতিবাচক। তার দাবি, দলের সবাই ঐক্যবদ্ধ থাকলে আসন্ন নির্বাচনে ভালো ফল করবে জাতীয় পার্টি।
মনোনয়ন বিতরণ কার্যক্রমে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাপা মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু, এসএম ফয়সল চিশতী, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গা প্রমুখ।
বৃহস্পতিবার বিকেলে একই স্থানে জাপার নেতৃত্বাধীন সম্মিলিত জাতীয় জোটের লিয়াজোঁ কমিটির সভা হয়। এতে জাপা মহাসচিব বলেন, বিএনপি কার্যালয়ের সামনে যারা বিশৃঙ্খলা করেছে, তদন্ত সাপেক্ষে তাদের বিচার করতে হবে। প্রকৃত দোষীদের পরিচয় প্রকাশেরও দাবি জানান তিনি।



