প্রধান খবরবাংলাদেশ

স্কাইপি আবার চালু

রূপসী বাংলা ঢাকা ডেস্ক রিপোর্ট:  ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আইএসপিএবি) সেক্রেটারি জেনারেল এমদাদুল হক জানিয়েছেন, আজ মঙ্গলবার বিকেল ৪টা ২৫ মিনিটের দিকে স্কাইপি আবার চালু করা হয়েছে। এ বিষয়ে ইমেইল পাওয়ার পর স্কাইপি খুলে দেওয়া হয়। খুলে দেওয়ার পর স্মার্টফোন ও কম্পিউটার থেকে এখন ব্যবহার করা যাচ্ছে।

সোমবার বিকেল থেকে স্কাইপি ব্যবহার করা যাচ্ছিল না। স্কাইপির মূল ওয়েবসাইটেও ঢোকা যাচ্ছিল না। এমনকি স্কাইপি অ্যাপটিও স্মার্টফোন কিংবা কম্পিউটার থেকে ব্যবহার করা যায় নি। বিটিআরসির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জহুরুল হক গতকাল সোমবার বলেছিলেন, বিটিআরসি স্কাইপি বন্ধ রাখার মত কোনও পদক্ষেপ নেয় নি, কোনও নির্দেশও দেয় নি। নিছক কারিগরি ত্রুটির কারণে কোনও কোনও ব্যবহারকারী সমস্যায় পড়তে পারেন বলেও অভিমত দেন তিনি। কেউ ব্যবহার করতে না পারলেই স্কাইপি বন্ধ করে দেওয়া হয়েছে এটা বলা সমীচীন নয়। কিন্তু ইন্টারনেট গেটওয়ে এবং মোবাইল নেটওয়ার্ক সেবাদান সংক্রান্ত একাধিক সূত্র জানিয়েছিল, স্কাইপির লিংক বন্ধ রাখার জন্য তারা নির্দেশিত হয়েই লিংক বন্ধ রেখেছেন।

কিভাবে নির্দেশ পেয়েছেন জানতে চাইলে একটি সূত্র জানায়, তারা ইমেইল বার্তায় নির্দেশ পেয়েছেন এবং নির্দেশ দিয়েছে বিটিআরসি। প্রথমে স্কাইপির ওয়েবসাইটের ডোমেইন লিংক স্কাইপি ডট কম বন্ধের নির্দেশ আসে। পরে স্কাইপি অ্যাপে লগ ইন সুবিধাও বন্ধ করার নির্দেশ দেওয়া হয়। তবে কেন স্কাইপি বন্ধ রাখতে হবে সে ব্যাপারে কোনও কিছুই নির্দেশনায় উল্লেখ করা হয় নি।

সোমবার বিকেল পাঁচটার পর একাধিকবার চেষ্টা করেও স্কাইপিতে প্রবেশ করা সম্ভব হয় নি। এ ছাড়া স্মার্টফোন থেকে স্কাইপি অ্যাপ ব্যবহার করতে গেলেও লগ ইন করা সম্ভব হয় নি।

প্রসঙ্গত, বিএনপির মনোননয়ন প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণের ক্ষেত্রে তারেক রহমান লন্ডন থেকে স্কাইপি ব্যবহার করে কথা বলছেন বলে খবর প্রকাশ হয়। একজন দন্ডপ্রাপ্ত ব্যক্তির প্রার্থীদের সাক্ষাৎকার নেওয়ার বিষয়ে আপত্তি তোলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

এ ব্যাপারে নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দিন সোমবার দুপুরে সাংবাদিকদের জানান, তারেক রহমানের ভিডিও কলে কথা নিয়ে নির্বাচন কমিশনের করার কিছু নেই, এক্ষেত্রে নির্বাচনী আচরণবিধিও প্রযোজ্য নয়। তার এ বক্তব্য প্রচারিত হওয়ার পর বিকেল পাঁচটা থেকে হঠাৎ করেই স্কাইপি বন্ধ পাওয়া যায়।

 

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension