
মুসলিম ভোট ব্যাংক নিয়ে ভাইরাল ভিডিওতে বিস্ফোরক কংগ্রেস নেতা
রূপসী বাংলা কলকাতা ডেস্ক: মধ্যপ্রদেশ নির্বাচনের আর মাত্র কয়েকটা দিন বাকি। তার আগেই সরগরম সেই রাজ্যের রাজনীতি। কংগ্রেস নেতার ভাইরাল ভিডিওতে তোলপাড় সোশ্যাল মিডিয়া। মুসলিম ভোট ব্যাংক বাড়ানোর জন্য আর্জি জানাচ্ছেন তিনি।
কংগ্রেসের ন’বারের সাংসদ কমল নাথ। মধ্যপ্রদেশের ছিন্দওয়াড়ার সাংসদ তিনি। তাঁকে ভিডিওতে বলতে শোনা যাচ্ছে যে, অন্তত ৯০ শতাংশ মুসলিম ভোট না পেলে তাঁরা শেষ হয়ে যাবেন। সেটা হবে কংগ্রেসের বড় হার। এই ভিডিও প্রকাশ্যে আসতেই বিজেপি নির্বাচন কমিশনের দ্বারস্থ হওয়ার জন্য উদ্যোগী হয়েছে।

তাঁকে বলতে শোনা যাচ্ছে, পুরনো রেকর্ডে দেখুন, মুসলিম বুথগুলিতে কত ভোট পড়েছিল। ইন্টারনেটে আজও দেখতে পাবেন ৫০-৬০ শতাংশ ভোট পড়েছিল। কেন ৯০ শতাংশ পড়েনি?” তাঁর দাবি মুসলিমদের অন্তত ৯০ শতাংশের ভোট না পেলে কংগ্রেসের জন্য ব্যাপক ক্ষতি হবে। তিনি আরও বলছেন , যেসব মুসলিম বুথে ৬০ শতাংশ ভোট পড়ে, সেসব বুথে কম ভোট পড়ার কারণ খুঁজে বের করতে হবে।
মধ্যপ্রদেশের নির্বাচনকে বড়সড় যুদ্ধ বলে মনে করছেন কমল নাথ। তিনি চাইছেন তাঁর দল ফের ক্ষমতায় ফিরুক মধ্যপ্রদেশে। উল্লেখ্য, ২০০৩ থেকে মধ্যপ্রদেশে ক্ষমতায় রয়েছে বিজেপি।



