
আওয়ামী লীগ ব্যবসা করে না, ব্যবসায়ীদের ব্যবসা করার সুযোগ করে দেয়: প্রধানমন্ত্রী
রূপসী বাংলা ঢাকা ডেস্ক রিপোর্ট: বৃহস্পতিবার (২২ নভেম্বর) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত ‘বাংলাদেশ লেদার ফুটওয়্যার অ্যান্ড লেদার গুডস ইন্টারন্যাশনাল সোর্সিং গুডস’-এর উদ্বোধনী অনুষ্ঠানের বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্তব্য করেন, রাজনৈতিক কূটনীতির চেয়ে অর্থনৈতিক কূটনীতির ওপর জোর দিচ্ছে বর্তমান সরকার।
বক্তব্যে গত দশ বছরে দেশের বিভিন্ন খাতে উন্নয়নের হিসাব মেলাতে জনগণের প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘বিদেশে বাজার খোঁজা এবং দেশের বাজার সৃষ্টির মাধ্যমে অর্থনৈতিক পরিকল্পনা করে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। এছাড়া প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বাণিজ্য সম্পর্ক এবং ডিউটি ফ্রি সুবিধা বাড়াতে আলোচনার মাধ্যমে দেশের ব্যবসা-বাণিজ্য এগিয়ে নিতে সরকার কাজ করছে।’
তিনি বলেন, দক্ষ যুবশক্তিকে জনশক্তিতে পরিণত করতে সরকার প্রশিক্ষণের ব্যবস্থা করেছে। তরুণ প্রজন্মকে দক্ষ জনশক্তিতে পরিণত করতে ব্যবসায়ীদের এগিয়ে আসতে হবে। যেসব দেশে বাংলাদেশি পণ্যের চাহিদা আছে, সেই অনুযায়ী রপ্তানি করতে করতে হবে। প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ ব্যবসা করে না, ব্যবসায়ীদের ব্যবসা করার সুযোগ করে দেয়।



