প্রধান খবরবাংলাদেশ

নির্বাচনে আইন-শৃঙ্খলা বাহিনী প্রায় হাজার কোটি টাকা বরাদ্দ চায়

রূপসী বাংলা ঢাকা ডেস্ক রিপোর্ট:  একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পুলিশ, র‌্যাব, বিজিবি, আনসার-ভিডিপি, কোস্টগার্ড, এপিবিএনসহ আইন-শৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েনের পরিকল্পনা করেছে ইসি। নির্বাচন কমিশনের প্রাথমিক খসড়া বাজেটে ৪১০ কোটি টাকা বাজেট বরাদ্দ রাখা হলেও আইন-শৃঙ্খলা বাহিনী বরাদ্দ চায় প্রায় হাজার কোটি টাকা।

মঙ্গলবার (২৭ নভেম্বর)  আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে বাজেট বরাদ্দের বিষয়ে বৈঠকে বসে নির্বাচন কমিশন।  বৈঠক সূত্রে জানা গেছে, নির্বাচনের আগে ও পরে মোট ৭ দিন দায়িত্ব পালনের বিষয়টি তুলে ধরে পুলিশ বাহিনী প্রায় ৪২৪ কোটি, আনসার বাহিনী ৪৪৩ কোটি, বার্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৭০ কোটি, কোস্ট গার্ড ১৫ কোটি টাকা বরাদ্দ চেয়েছে।

বৈঠকে তাদের দাবি-দাওয়া নিয়ে আলোচনা হয়েছে।  এক সপ্তাহের মধ্যে তাদের চূড়ান্ত রিপোর্ট উপস্থাপনের জন্য বলা হয়েছে।  আগামী ১৩ ডিসেম্বর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য বৈঠকে বসবে কমিশন।  সেখানে বাজেট চূড়ান্ত হবে।

ইসি সূত্রে জানা যায়, নির্বাচনে পুলিশের ১ লাখ ৮৪ হাজার ৬৫৭ জন সদস্য মোতায়েন থাকবে।  কমিশনের প্রাথমিক বাজেট ১২০ কোটি টাকা ধরা হলেও, পরে এ বাহিনীর জন্য ১৫০ কোটি টাকার কিছু বেশি বরাদ্দ রাখার সিদ্ধান্ত হয়েছে।  বরাদ্দকৃত অর্থের অর্ধেক নির্বাচনের আগে ও বাকি অর্ধেক নির্বাচনের পর দেওয়া হবে।

আনসার সদস্যদের জন্য প্রায় ২০০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।  কিন্তু ভোটের মাঠে তাদের ৬ দিন থাকতে হবে বলে তারা এর দ্বিগুণ অর্থ বরাদ্দ চায়।  তবে তাদের জন্য বরাদ্দ ২০০কোটি টাকাই থাকছে।  তাদের বরাদ্দকৃত টাকার সম্পূর্ণ অর্থই আগাম পরিশোধ করা হবে।

অন্যদিকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কমিশনের কাছে ৭০ কোটি টাকা বরাদ্দ চেয়েছে।  কমিশনের পক্ষ থেকে তাদের জন্য ৩০ কোটি টাকা বাজেট রাখা হলেও আলোচনা সাপেক্ষে তা বেড়ে ৩৫ কোটি টাকা হতে পারে।  তাদের জন্য বরাদ্দের অর্ধেক টাকা আগাম পরিশোধ করা হবে। বাকি টাকা নির্বাচনের পর সমন্বয় করা হবে।

এছাড়া নির্বাচনে কোস্টগার্ডের সদস্যরা কক্সবাজার, বরিশাল, ভোলা, পটুয়াখালীসহ উপকূলীয় এলাকায় দায়িত্ব পালন করবেন।  এ বাহিনীর জন্য কমিশন ১০ কোটি টাকা বরাদ্দ রেখেছে।  তারাও নির্বাচনের পূর্বে বরাদ্দকৃত অর্থের অর্ধেক এবং নির্বাচনের পর বাকি অর্থ পাবেন।

সশস্ত্র বাহিনীর জন্য প্রাথমিকভাবে ৫০ কোটি টাকা বরাদ্দ ধরা হয়েছে।  তবে সেনাবাহিনী কতদিন মোতায়েন থাকবে সে বিষয়ের ওপর বরাদ্দ নির্ভর করবে।

এবারই প্রথমবারের মত ভোটকেন্দ্রের পাহারায় নামানো হচ্ছে গ্রাম পুলিশ (দফাদার ও চৌকিদার)।  ভোটের মাঠে ২ দিন দায়িত্ব পালন করবেন প্রায় ৪৫ লাখ গ্রাম পুলিশ।  তাদের জনপ্রতি ১ হাজার টাকা ভাতা দেওয়া হবে।

বৈঠকে আইনশৃঙ্খলাবাহিনীর পক্ষ থেকে বলা হয়, এবার ভোট কেন্দ্রের সংখ্যা দিগুণের চেয়েও বেশি।  ফলে দিগুণ জনবল প্রয়োজন।  এছাড়া বিগত নির্বাচনের তুলনায় এবার ভাতার পরিমাণও বেড়েছে।  তাই বিগত সময়ের হিসাব অনুযায়ী বরাদ্দ দিলে সেটি বণ্টনে সমস্যা হবে।

এ বিষয়ে ইসি সচিব হেলালুদ্দীন আহমদ বলেন, আমরা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছি।  তাদের কত বাজেট সেটা জানতে চেয়েছি।  আমরা এবার আনসার বাহিনীকে শতভাগ অগ্রিম বরাদ্দ দেব।  আর অন্যান্য বাহিনীকে বাজেটের ৫০ শতাংশ অগ্রিম বরাদ্দ দেয়া হবে।  বাকি টাকা পরে সমন্বয় করা হবে।

তফসিল অনুসারে, আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

 

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension