
যথেষ্ট সময় ও প্রস্তুতি না থাকায় ইইউ পর্যবেক্ষণে আসবে না
রূপসী বাংলা ঢাকা ডেস্ক রিপোর্ট: যথেষ্ট সময় ও প্রস্তুতি না থাকায় ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধিরা আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে আসবে না বলে জানিয়েছেন ইইউ রাষ্ট্রদূত রেনিজ টেরিংকে। আজ বুধবার নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
তিনি বলেন, ‘পর্যবেক্ষকের মতে বড় মিশন পাঠাতে পর্যাপ্ত প্রস্তুতির জন্য কমপক্ষে ৬ মাস সময়ের প্রয়োজন। তাই ইইউ এর সদস্য দেশগুলো পর্যবেক্ষক না পাঠানোর জন্য সিদ্ধান্ত গ্রহণ করেছে। আমরা শুধুমাত্র ছোট আকারে একটি এক্সপার্ট টিম পাঠাব।’
তিনি আরও বলেন, এ নির্বাচনটি একটি বড় চ্যালেঞ্জ। কারণ এখানে ১০ কোটির ওপর ভোটার, ৪০ হাজারের উপর ভোটকেন্দ্র রয়েছে। সেগুলোকে ম্যানেজ করাটা বড় চ্যালেঞ্জ। এ নির্বাচন যাতে সুষ্ঠু ও প্রতিযোগিতাপূর্ণ হয় তার জন্য আমাদের শুভকামনা থাকবে।
বৈঠকে ইইউ’র ইলেকশন এক্সপার্ট মিশনের প্রধান ডেভিট ওয়ার্ড, ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত রেনজি টেরিংকেসহ ৪ সদস্যের প্রতিনিধি দল উপস্থিত ছিলেন। এছাড়াও বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা, কমিশনার মাহবুব তালুকদার, মো. রফিকুল ইসলাম, কবিতা খানম ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরী, ইসি সচিব হেলালুদ্দীন আহমদ উপস্থিত ছিলেন।



