প্রধান খবরবাংলাদেশরাজনীতি

সংস্কারপন্থীদের মনোনয়ন দিল বিএনপি

রূপসী বাংলা ঢাকা ডেস্ক রিপোর্ট:  একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আলোচিত-সমালোচিত সেনা সমর্থিত ওয়ান ইলেভেন সরকারের সময় দলের হাইকমান্ডকে ‘মাইনাস’ করার ‘ষড়যন্ত্রকারী’ হিসেবে চিহ্নিত সংস্কারপন্থী হিসেবে পরিচিত নেতাদের দলে ফিরিয়ে নিয়েছে বিএনপি।

বিএনপির সর্বশেষ কাউন্সিলের আগে কয়েকজনকে দলে ফেরার গ্রিন সিগন্যাল দেওয়া হলেও এতদিন তারা নিষ্ক্রিয় ও নির্লিপ্তভাবে সময় পার করছিলেন। তবে, দলের হাইকমান্ডের নির্দেশেই আবারও তাদের দলে আশ্রয় দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। আর নির্বাচনে জয়লাভের বিষয়ে নিশ্চিত হয়েই এসব সংস্কারপন্থী নেতাদের শুধু দলে ফিরিয়ে আনাই হয় নি, এবারের নির্বাচনে বেশিরভাগ নেতাকেই ধানের শীষে মনোনয়ন দেওয়া হয়েছে। এসব নেতারাই গত সোমবার ও মঙ্গলবার বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয় থেকে দলের টিকিট সংগ্রহ করেন।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গৌরনদী ও আগৈলঝড়া (বরিশাল-১) থেকে আসনে ধানের শীষে মনোনয়ন পেয়েছেন সংস্কারপন্থী হিসেবে পরিচিত সাবেক সংসদ সদস্য জহিরউদ্দিন স্বপন। তিনি জানান, ‘দেশনেত্রী খালেদা জিয়া জাতীয় ঐক্যের প্রতীক। দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও বেগম খালেদা জিয়ার মুক্তির দাবি আজ একই দাবিতে পরিণত হয়েছে। এ দাবিতে গড়ে উঠেছে জাতীয় ঐক্য। আগামী নির্বাচনে ব্যালট বিপ্লবের মাধ্যমে জনগণ এই জাতীয় দাবি অর্জন করবে।

স্বপন বলেন, আমার আসনে এ পর্যন্ত ধানের শীষ তিনবার নির্বাচিত হয়েছে। তার মধ্যে আমি নির্বাচিত হয়েছি দুইবার। তৃতীয়বারের মত বিএনপি ধানের শীষ আমাকে দিয়েছে এই ইতিহাসের ধারাবাহিকতায়। আসন পুনরুদ্ধারের দায়িত্ব পেয়ে আমি গর্বিত। আমি দলের হাইকমান্ডের কাছেও কৃতজ্ঞ।

স্বপন ছাড়াও রাজশাহী-৪ আসনে ধানের শীষের চিঠি পেয়েছেন দল থেকে দুইবার বহিষ্কৃত সংস্কারপন্থী নেতা সাবেক এমপি আবু হেনা। নওগাঁ-৬ আসনে চিঠি পেয়েছেন সাবেক প্রতিমন্ত্রী আলমগীর কবির। নরসিংদী-৪ আসনে ধানের শীষের চিঠি পেয়েছেন সর্দার সাখাওয়াত হোসেন বকুল। বরিশাল-২ আসনে পেয়েছেন সাবেক এমপি শহীদুল হক জামাল। পটুয়াখালী-২ আসনে শহিদুল হক তালুকদার। নোয়াখালী-৬ আসনে ধানের শীষের চিঠি পেয়েছেন চারবারের এমপি ইঞ্জিনিয়ার ফজলুল আজিম। নারায়ণগঞ্জ-৫ আসনে আতাউর রহমান আঙ্গুর। ঝালকাঠি-২ আসনে ইশরাত জাহান ইলেন ভুট্টো। সুনামগঞ্জ-২ আসনে সংস্কাপন্থী সাবেক এমপি নজির হোসেন। বগুড়া-৪ আসনে সাবেক এমপি জিয়াউল হক মোল্লা। বগুড়া-৫ আসনে সাবেক এমপি গোলাম মো. সিরাজ। যশোর-১ আসনে মফিকুল হাসান তৃপ্তি ও জয়পুরহাট-২ আসনে আবু ইউসুফ খলিলুর রহমান।

নরসিংদী-৪ আসনে ধানের শীষের চিঠি পেয়েছেন সর্দার সাখাওয়াত হোসেন বকুল। তিনি  বলেন, দীর্ঘদিন পরে হলেও দল ও দলের হাইকমান্ড আমাকে মূল্যায়ন করায় আমি কৃতজ্ঞ। আমি কোনও দলে যোগ দেই নি। প্রায় একযুগ ধৈর্য্য ধরে দলের জন্য কাজ করে গেছি। আজ তার মূল্যায়ন হওয়ায় আমি খুব খুশি। ইনশাআল্লাহ, নির্বাচনে বিজয় অর্জন করে দলের এ মূল্যায়নের যথাযথ প্রতিদান আমি দিতে সক্ষম হব। এসব নেতা প্রায় এক যুগ দলের বাইরে ছিলেন। এদের মধ্যে তৃপ্তিসহ কয়েকজনের বহিষ্কারাদেশও প্রত্যাহার করা হয়েছে।

২০০৭ সালে জরুরি অবস্থা জারির পর সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকার আমলে দুই নেত্রী শেখ হাসিনা ও খালেদা জিয়াকে নিজ নিজ দলের নেতৃত্ব থেকে সরানোর চেষ্টা হয়েছিল।

তখন তৎকালীন বিএনপি মহাসচিব আবদুল মান্নান ভূঁইয়ার নেতৃত্বে একদল নেতা দলে সংস্কারের দাবি তুলেছিলেন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া গ্রেফতার হওয়ার আগে মহাসচিব মান্নান ভূঁইয়া, তৎকালীন যুগ্ম মহাসচিব আশরাফ হোসেন, তৎকালীন দফতর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তিকে বহিষ্কার করেন।

খালেদা জিয়া মুক্তি পাওয়ার পর সংস্কারপন্থীরা দলে ফেরার চেষ্টা করেন। তাদের মধ্যে কয়েকজন দলে কিছুটা সক্রিয় হলেও অনেক নেতাই তৃণমূলে বিরোধিতার কারণে বিএনপিতে সক্রিয় হতে পারেন নি। একাদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে তাদের বেশিরভাগ নেতাই শুধু দলে ফিরলেনই না, নির্বাচনে ধানের শীষে মনোনয়নও পেলেন তারা।

 

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension