
বার্সাকে জিতিয়ে রোনাল্ডোর থেকে রেকর্ড ছিনিয়ে নিলেন মেসি
রূপসী বাংলা স্পোর্টস ডেস্ক : স্পেনে থাকাকালীন শুরু থেকে লড়াইটা চলত সেয়ানে সেয়ানে৷ সাপ-লুডোয় একবার রোনাল্ডো মেসিকে টপকাতেন তো পরক্ষণেই সিআর সেভেনকে পিছনে ফেলে দিতেন এলএম টেন৷ অদূর ভবিষ্যতের কথা বিবেচনা করলে সেই ইঁদুর-দৌড়ে আপাতত ইতি পড়ল সন্দেহ নেই৷ তবে মেসি শেষমেশ পুনরুদ্ধার করলেন দ্বি-পাক্ষিক লড়াইয়েই মুকুটটা৷
চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ ম্যাচে পিএসভি’র জালে বল জড়ানো মাত্র মেসি টপকে যান ক্রিশ্চিয়ানোকে৷ ৬১ মিনিটে ম্যাচের ডেড-লক কাটানো গোলটি ছিল বার্সেলোনার হয়ে চ্যাম্পিয়ন্স লিগ কেরিয়ারে মেসির ১০৬ নম্বর গোল৷ একটি ক্লাবের হয়ে চ্যাম্পিয়ন্স লিগে সর্বাধিক গোল করার নিরিখে রোনাল্ডোকে টপকে মেসি চলে এলেন শীর্ষে৷ রোনাল্ডো রিয়াল মাদ্রিদের হয়ে চ্যাম্পিয়ন্স লিগে করেছেন ১০৫টি গোল৷ রিয়াল ছেড়ে জুভেন্তাসে যোগ দেওয়ায় আপাতত মেসিকে টপকানো আর সম্ভব হবে না পর্তুগীজ তারকার৷
তবে চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে সর্বাধিক গোল করার রেকর্ড থাকছে রোনাল্ডোর দখলেই৷ ম্যান ইউ, রিয়াল ও জুভেন্তাস, তিন ক্লাবের হয়ে ইউরোপীয়াল ফ্ল্যাগশিপ টুর্নামেন্টে সাকুল্যে ১২১টি গোল করেছেন তিনি৷
সব মিলিয়ে চলতি মরশুমে মোসির এটি ১৫ নম্বর গোল৷ শেষ ১৩ মরশুম ধরে ১৫টির বেশি গোল করা বিরল ফুটবলার হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করলেন লিও৷ চলতি মরশুমের চ্যাম্পিয়ন্স লিগে আর্জেন্তাইন তারকার ছ’টি গোল হয়ে গেল৷
পিএসভির বিরুদ্ধে একটি গোল করা ছাড়াও ৭০ মিনিটে দলের অপর গোলটির পিছনেও মেসি সক্রিয় ভূমিকা নেন৷ মেসির পাস থেকেই পিএসভি’র জালে বল জড়িয়ে ম্যাচের স্কোরলাইন ২-০ করেন পিকে৷ ৮৩ মিনিটে পিএসভির হয়ে একটি গোল পরিশোধ করেন ডি’লং৷ তাকে গোলের পাস বাড়ান অ্যাঞ্চেলিনো৷
শেষমেশ বার্সা ২-১ গোলে ম্যাচ জিতে গ্রুপ-বি’র শীর্ষ স্থান নিরাপদ করে৷ ৫ ম্যাচে বার্সেলোনার পয়েন্ট সংখ্যা দাঁড়াল ১৩৷ সমসংখ্যক ম্যাচে টটেনহ্যামের সংগ্রহ ৭ পয়েন্ট, যারা ঘরের মাঠে ইন্টার মিলানকে ১-০ গোলে হারিয়ে দিয়েছে৷ মিলানও পাঁচ ম্যাচে ৭ পয়েন্ট ঘরে তুলেছে৷ গোলপার্থক্যে পিছিয়ে থাকলেও শেষ রাউন্ডে পিএসভির বিরুদ্ধে লড়তে হবে তাদের৷ তুলনায় কঠিন কাজ টটেনহ্যামের৷ তারা গ্রুপের শেষ ম্যাচ খেলবে বার্সোলোনার বিরুদ্ধে৷



