প্রধান খবরবাংলাদেশরাজনীতি

আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে তরুণদের প্রাধান্য

রূপসী বাংলা ঢাকা ডেস্ক রিপোর্ট:  আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচকে সামনে রেখে আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার তৈরির কাজ প্রায় চূড়ান্ত।  ইশতেহারে তরুণদের কর্মসংস্থান ও দেশ পরিচালনায় তাদের সম্পৃক্তকরণের বিষয়টি থাকবে।  নির্বাচনী প্রচারণার কাজের শুরুতে দলের প্রতীক বরাদ্দের পর আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা তা জাতির সামনে তুলে ধরবেন বলে জানিয়েছেন দলটির নেতারা।

দলীয় সূত্র ও নেতারা বলছেন, এবার আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে প্রাধান্য পাবে টেকশই উন্নয়নের বিষয়টি। দেশের তরুণ সমাজের জন্য বেশকিছু নতুন ‘চমক’ থাকবে  ইশতেহারে।  এ ছাড়া দুর্নীতি, জঙ্গিবাদ মোকাবেলা ও আরও নতুন কয়েকটি বিষয়সহ সকল পেশা ও শ্রেণীর মানুষের কথা থাকবে আওয়ামী লীগের এই নির্বাচনী ইশতেহারে।

দলীয় সূত্রে জানা গেছে,  প্রতীক বরাদ্দের পর দিন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা জাতির সামনে এবারের নির্বাচনি ইশতেহার তুলে ধরবেন।  সে ক্ষেত্রে প্রতীক বরাদ্দ হবে ১০ ডিসেম্বর।  সুতরাং ১১ ডিসেম্বর ঘোষণা হতে যাচ্ছে আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার।  এ বিষয়ে আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য  ও ইশতেহার উপ কমিটির আহ্বায়ক ড. আব্দুর রাজ্জাক জানিয়েছেন, ‘প্রতীক বরাদ্দের পর দিন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা জাতির সামনে ইশতেহার তুলে ধরবেন। এর পর থেকে সবার জন্য উন্মুক্ত হবে।’

আওয়ামী লীগ নেতারা বলছেন, বর্তমানে আওয়ামী লীগের নেতৃত্বে দেশে যে উন্নয়ন হয়েছে তা ধরে রাখতে টেকশই করার কথা থাকবে দলের নির্বাচনী ইশতেহারে। এক্ষেত্রে গ্রামের মানুষের জন্য নাগরিক সুবিধা দেওয়ার বিষয়টি প্রধান্য পাবে এবারের নির্বাচনি ইশতেহারে।  এ ছাড়া দেশকে অর্থনৈতিকভাবে কিভাবে আরও বেগবান করা হবে তার সুষ্পষ্ট বর্ণনা থাকবে ইশতেহারে।  এছাড়া ২০৩০ সাল পর্যন্ত আওয়ামী লীগ কিভাবে কাজ করবে এবং ২০৪১ সাল পর্যন্ত কিভাবে কাজ করবে তার বিস্তারিতও থাকবে ওই ইশতেহারে।

আওয়ামী লীগের দলীয় সূত্রে জানা গেছে, জনগণ বান্ধব আধুনিক পুলিশ বাহিনী গড়ার বিষয়টি থাকবে ইশতেহারে।  দলটি মনে করছে, আগামীতে দেশের জন্য সব চেয়ে বড় চ্যালেঞ্জ হবে দুর্নীতি ও জঙ্গিবাদ রোধের বিষয়টি।  এ  জন্য কৌশলী হতে হবে।  সে কথা চিন্তা করেই আধুনিক, জনগণবান্ধব পুলিশ বাহিনী গড়ার বিষয়টি এবার ইশতেহারে তুলে ধরবে আওয়ামী লীগ। এছাড়া বিদ্যুৎ, শিক্ষা ও স্বাস্থ্যখাতে আরো কৌশলী হওয়ার বিষয়টি থাকবে ইশতেহারে।  পুষ্টি সমৃদ্ধ নিরাপদ খাদ্য নিশ্চিত করা, সামষ্টিক অর্থনীতি, ব্যাংকের মুদ্রাস্ফীতি, ব্যাংক ব্যবস্থা, ইন্সুরেন্স ব্যবস্থা নিয়ে নতুন ধরনের চিন্তা তুলে ধরা হবে  ইশতেহারে।  কৃষিক্ষেত্র ও শিল্পের উন্নয়নের জন্যও থাকছে নতুন কিছু ভাবনা । যার বিস্তারিত তুলে ধরা হবে।

দলীয় সূত্রগুলো বলছেন, তরুণ সমাজের প্রাধান্য থাকবে এবারের আওয়ামী লীগের ইশতেহারে।  আগামীতে কিভাবে তরুণদের জন্য দল কাজ করতে চায় তার পুঙ্খানুপঙ্খ হিসাব থাকছে  ইফতেহারের। দেশের তরুণদের কিভাবে দেশের উন্নয়নে কাজে লাগানো যায় তার একটি বিস্তারিত বর্ণনা পাওয়া যাবে। এ ছাড়া তরুণদের দেশ পরিচালনায় সম্পৃক্তকরণের বিষয়টিও থাকবে।

আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও ইশতেহার প্রণয় উপ কমিটির আহ্বায়ক ড. আব্দুর রাজ্জাক গত শনিবার ইশতেহার প্রণয়ন কমিটির এক সভায় জানিয়েছেন, আমাদের এই নির্বাচনের ইশতেহারের মূল লক্ষ হবে দেশে উন্নয়নের মহাসড়কের গতিকে আরো বেগবান করা।  আমরা উন্নয়ন তরান্বিত করতে চাই। এই নির্বাচনী ইশতেহারে প্রধান লক্ষ্য হবে ৭.৮ প্রবৃদ্ধিকে আরও বৃদ্ধি করা। আমরা দারিদ্র বিমোচন করেছি, দারিদ্রতাকে আরও কমাতে চাই।

আওয়ামী লীগ নেতারা বলছেন, ২০০৮ সালের নির্বাচনী ইশতেহারটি দলকে ভোটে জয়লাভ করতে ব্যাপক সহায়তা করেছিল। ওই ইশতেহার তরুণ প্রজন্মের ভোট টানতে ব্যাপক ভূমিকা রেখেছিল। বতর্মানে দল ১০ বছর ক্ষমতায় থাকায় দেশে ব্যাপক উন্নয়ন হয়েছে। দেশের চেহারা বদলে দিতে খাদ্য নিরাপত্তা, শিল্প-কারখানা, বিদ্যুৎ, জ্বালানি, শিক্ষা, স্বাস্থ্যসহ ১০টি খাতে আরও ব্যাপক উন্নয়নের বিশদ প্রস্তাবনা থাকছে  ইশতেহারে।

এ বিষয়ে আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার তৈরির কাজে যুক্ত ও দলের  তথ্য ও গবেষণা সম্পাদক এ্যাডভোকেট আফজাল হোসেন বলেন, বর্তমানে দলের নির্বাচনী ইশতেহার তৈরির কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে।  নির্বাচনী প্রচারণার কাজের শুরুতেই আমাদের নেত্রী শেখ হাসিনা তা জাতির সামনে তুলে ধরবেন।  আগামী নির্বাচন সামনে রেখে আওয়ামী লীগের যে লক্ষ্য ও উদ্দেশ্য রয়েছে তার সুনির্দ্দিষ্ট প্রকাশ দেখতে পাওয়া যাবে এবারের ইশতেহারে।  দেশকে আমরা কোন্ দিকে নিয়ে যেতে চাই তার একটি সুস্পষ্ট বর্ণনা পাওয়া যাবে। সকল শ্রেণী ও পেশার মানুষের চাহিদারই বর্ণনা থাকবে এবারের নির্বাচনী ইশতেহারে।

 

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension