
টিম ইন্ডিয়ায় বিরাট ধাক্কা, ছিকটে গেলেন তারকা ক্রিকেটার
রূপসী বাংলা স্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়া সফরে মহাগুরুত্বপূর্ণ টেস্ট সিরিজ শুরুর আগেই বড়সড় ধাক্কা ভারতীয় শিবিরে৷ চোট পেয়ে প্রথম টেস্ট থেকে ছিটকে গেলেন তরুণ ওপেনার পৃথ্বী শ৷
সিডনি ক্রিকেট গ্রাউন্ডে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে বাঁ-পায়ের গোড়ালিতে চোট পান পৃথ্বী৷ডিপ মিডউইকেট বাউন্ডারিতে ফিল্ডিং করার সময় অশ্বিনের বলে ম্যাক্স ব্রিয়ান্তের ক্যাচ ধরার চেষ্টায় চোট পেয়ে বসেন তরুণ ভারতীয় ওপেনার৷
ফিজিও প্যাট্রিক ফার্হার্ত সহ সাপোর্ট স্টাফদের কোলে মাঠ ছাড়া পৃথ্বীকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয় চোট পাওয়া গোড়ালিতে স্ক্যানের জন্য৷ স্ক্যান রিপোর্ট হাতে এলে দেখা যায় ক্ষতিগ্রস্থ হয়েছে তাঁর ল্যাটারাল লিগামেন্ট৷ ফলে ৬ ডিসেম্বর থেকে অ্যাডিলেডে শুরু হতে যাওয়া প্রথম টেস্টে মাঠে নামা সম্ভব নয় পৃথ্বীর৷
আপাতত ডাক্তার ও ফিজিওর নজরদারিতে রিহ্যাব চলবে তরুণ ব্যাটসম্যানের৷ আশা করা হচ্ছে দ্বিতীয় টেস্টের আগে পৃথ্বী ম্যাচ ফিট হয়ে উঠবেন৷



