
মনোনয়ন ফেরাতে খালেদা জিয়ার আপিল
রূপসী বাংলা ঢাকা ডেস্ক রিপোর্ট: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং অফিসারের যাচাই-বাছাইয়ে বাতিল হওয়া মনোনয়ন ফেরাতে আবেদন করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। আজ ৫ ডিসেম্বর বুধবার দুপুরে দলটির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামালের নেতৃত্বে একটি প্রতিনিধি দল খালেদা জিয়ার পক্ষে নির্বাচন কমিশনে আপিল আবেদন জমা দেয়।
রিটার্নিং অফিসারের যাচাই-বাছাইয়ে যেসব প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে, নির্বাচন কমিশনে তাদের আপিল করার শেষ দিন আজ। গতকাল মঙ্গলবার পর্যন্ত ৩১৬ জন প্রার্থী তাদের প্রার্থিতা ফিরে পেতে ইসিতে আপিল আবেদন করেছেন।
দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত হয়ে কারাবন্দি আছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে তিনি ফেনী-১, বগুড়া-৬ ও বগুড়া-৭ আসনে মনোনয়নপত্র দাখিল করেন। কিন্তু গত ২ ডিসেম্বর আবেদন যাচাই-বাছাইয়ে খালেদা জিয়ার ৩টি মনোনয়নপত্রই অবৈধ বলে ঘোষণা করা হয়।
প্রসঙ্গত, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে মোট ৩ হাজার ৬৫টি মনোনয়নপত্র জমা পড়েছিল। গত ২ ডিসেম্বর যাচাই-বাছাইয়ের পর নানা কারণে ৭৮৬টি মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তারা।
আগামীকাল বৃহস্পতিবার সকাল ১০টা থেকে আপিলের শুনানি শুরু হবে। শুনানিতে প্রধান নির্বাচন কমিশনারসহ (সিইসি) অন্যান্য কমিশনার, ইসির সচিব ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটরা উপস্থিত থাকবেন। ইতোমধ্যে নির্বাচন ভবনের ১১ তলায় শুনানির জন্য ট্রায়াল রুম তৈরি করেছে ইসি।
উল্লেখ্য, আগামী ৯ ডিসেম্বর মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন, ১০ ডিসেম্বর প্রতীক বরাদ্দ এবং ৩০ ডিসেম্বর ভোট গ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।



