প্রধান খবরবাংলাদেশ

ভিকারুননিসার শিক্ষক হাসনা হেনার জামিন

রূপসী বাংলা ঢাকা ডেস্ক রিপোর্ট:  রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী অরিত্রী অধিকারীর আত্মহত্যায় প্ররোচনার মামলায় জামিন পেলেন তার শ্রেণী শিক্ষক হাসনা হেনা।

ঢাকার মহানগর হাকিম বাকি বিল্লাহ আজ রোববার এই জামিন মঞ্জুর করেন। হাসনা হেনার জামিন আবেদনের শুনানি করে এই আদেশ দেয় আদালত।

আদেশের পর গণমাধ্যমকে আদালত পুলিশের উপপরিদর্শক জালাল আহমেদ জানান, আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল পর্যন্ত জামিন মঞ্জুর করেছে আদালত।

পাঁচ হাজার টাকা মুচলেকায় তাকে জামিন দিয়েছে আদালত। নারী, শিশু ও বয়স্ক ব্যক্তিরা জামিনে অগ্রাধিকার পান। এই বিষয়টি উল্লেখ করে শিক্ষকের জামিন আবেদন করেছিলেন তার আইনজীবী জাহাঙ্গীর আলম।

গত ৩ ডিসেম্বর নবম শ্রেণীর ছাত্রী অরিত্রী অধিকারীর ঝুলন্ত মরদেহ শান্তিনগরের বাসা থেকে উদ্ধার করার পর থেকে উত্তেজনা চলছে রাজধানীর এই শিক্ষা প্রতিষ্ঠান ঘিরে।

পরিবারের অভিযোগ, পরিক্ষার সময় অরিত্রীর কাছে মোবাইল ফোন পাওয়ার পর তার বাবা-মাকে ডেকে নিয়ে ‘অপমান করেছিলেন’ অধ্যক্ষ। সে কারণে ওই কিশোরী আত্মহত্যা করে। আর স্কুল কর্তৃপক্ষের দাবি, অরিত্রী বার্ষিক পরিক্ষায় মোবাইল ফোনে নকলসহ ধরা পড়েছিলেন।

অরিত্রীর মৃত্যুর পর শিক্ষার্থী ও অভিভাবকদের একটি অংশ টানা কয়েকদিন দিন স্কুলের সামনে বিক্ষোভ করে। ভারপ্রাপ্ত অধ্যক্ষ নাজনীন ফেরদৌস, প্রভাতী শাখার প্রধান জিনাত আখতার ও শ্রেণী শিক্ষক হাসনা হেনার বিরুদ্ধে থানায় মামলা করেন অরিত্রীর বাবা দিলীপ অধিকারী।

এরই মধ্যে শিক্ষা মন্ত্রণালয়ের তদন্তে আত্মহত্যায় ‘প্ররোচনার’ জন্য ওই তিন শিক্ষককে চিহ্নিত করা হলে তাদের বরখাস্ত ও এমপিও বাতিল করা হয়। পাশাপাশি তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে পুলিশ ও র‌্যাবকে চিঠি দেয় শিক্ষা মন্ত্রণালয়।

সেই রাতেই গ্রেপ্তার হন হাসনা হেনা। পরদিন ঢাকার মহানগর হাকিম আবু সাঈদ এই শিক্ষকের জামিন নাকচ করে তাকে কারাগারে পাঠিয়ে দেন।

এদিকে হাসনা হেনার মুক্তির দাবিতেও ভিকারুননিসার একদল শিক্ষার্থী গত তিনদিন ধরে আন্দোলন করে আসছিল। ওই দাবিতে রোববার তারা অনশনে বসলে ঘণ্টা তিনেক পর শিক্ষকরা তাদের বুঝিয়ে অনশন ভাঙান।

 

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension