প্রধান খবরবাংলাদেশরাজনীতি

বিএনপির ইশতেহারে যুদ্ধাপরাধীর বিচার নেই

রূপসী বাংলা ঢাকা ডেস্ক রিপোর্ট:  ক্ষমতায় গেলে যুদ্ধাপরাধীদের বিচার চলমান রাখার বিষয়ে বিএনপির নতুন জোট জাতীয় ঐক্যফ্রন্টের নির্বাচনী ইশতেহারে স্পষ্ট উল্লেখ থাকলেও বিএনপির নির্বাচনী ইশতেহারে এ বিষয়টির ব্যাপারে কোনো বক্তব্য রাখা হয় নি।

জাতীয় ঐক্যফ্রন্টের মূল শক্তি বা দল বিএনপির ইশতেহারে জাতির এ গুরুত্বপূর্ণ বিষয়টি উল্লেখ না থাকায় দেশীয় রাজনীতিতে আবারও নতুন করে আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে। তবে বিষয়টি নিয়ে বিএনপি নেতারা বলছেন, জাতীয় ঐক্যফ্রন্টের নির্বাচনী ইশতেহার আর বিএনপির নির্বাচনী ইশতেহারে মৌলিক কোনও পার্থক্য নেই। জাতীয় ঐক্যফ্রন্ট হচ্ছে আমাদের ‘আমব্রেলা’ জোট। জাতীয় ঐক্যফ্রন্টের ইশতেহার মানেই বিএনপির ইশতেহার। ফলে বিএনপির ইশতেহারে আলাদা করে যুদ্ধপরাধীদের প্রসঙ্গ থাকা না থাকাটা বড় কোনও বিষয় নয়।

গেল মঙ্গলবার সকাল ১১টায় রাজধানীর গুলশানের অভিজাত হোটেল লেকশোরে একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতির কাছে নির্বাচনী ইশতেহার পাঁচটি প্রতিশ্রুতি ও ১৯টি দফা সংবলিত নির্বাচনী বিএনপির ইশতেহার তুলে ধরেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এর আগে রাজধানীর মতিঝিল দিলকুশার অভিজাত হোটেল পূর্বাণীতে গত সোমবার জাতীয় ঐক্যফ্রন্টের নির্বাচনী ইশতেহার প্রকাশ করা হয়। ঐক্যফ্রন্টের সেই ইশতেহারে যুদ্ধাপরাধীদের বিচারের বিষয়টি স্পষ্ট করা হয়েছে। সেখানে বলা হয়েছে, জনগণের ভোটে জাতীয় ঐক্যফ্রন্ট রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে ‘যুদ্ধাপরাধীদের বিচার কার্যক্রম চলমান থাকবে।’

জাতীয় ঐক্যফ্রন্টের ইশতেহারে যুদ্ধাপরাধীদের বিচার অব্যাহত রাখার কথা বলা হয়েছে অথচ বিএনপির ইশতেহারে বিষয়টি না রাখার বিষয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘যা যা আছে আমরা বলেছি এখানে, বাকিটা বিস্তারিতের মধ্য পাবেন। আমাদের পুরো ইশতেহার অনেক বড়, অনেক বেশি শব্দের। এখানে আমরা পুরোটা পাঠ করলে আপনাদের (গণমাধ্যমকর্মী) ধৈর্য্যচ্যুতি ঘটত। পুরো ইশতেহার আমাদের ওয়েবসাইটে দেওয়া হবে।’

বিএনপির নেতাদের দাবি, বিএনপি কোনও সময়ই যুদ্ধাপরাধীদের বিচারের বিরোধী ছিল না, বিরোধিতা করেওনি। বিএনপি সব সময় যুদ্ধাপরাধীদের বিচারের পক্ষে। তবে, শুধু রাজনৈতিক কারণে নয়, প্রকৃত যুদ্ধাপরাধীদের বিচার চায় দলটি। সুতরাং ঐক্যফ্রন্টের ঘোষণা অনুযায়ী বিএনপি জোট রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে ‘প্রকৃত’ যুদ্ধাপরাধীদের বিচার অবশ্যই অব্যাহত রাখবে। এজন্য আলাদা করে বিএনপির ইশতেহারে বিষয়টি যুক্ত করতে হবে এমন কোনও কথা নেই।

এ বিষয়ে বিএনপির বিশেষ সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন বলেন, বিএনপি যুদ্ধাপরাধের বিচারের বিপক্ষে আগেও ছিল না, এখনও নেই, ভবিষ্যতেও থাকবে না। আমরা বিচার চাই। তবে অবশ্যই প্রকৃত অপরাধীদের বিচার হতে হবে। ড. রিপন বলেন, জাতীয় ঐক্যফ্রন্টের নির্বাচনী ইশতেহারের সঙ্গে আমাদের দলীয় ইশতেহারের মৌলিক  তেমন কোনও পার্থক্য নেই। প্রায় সব বিষয়েই মিল আছে। ঐক্যফ্রন্টের ইশতেহারে দুর্নীতি, ক্ষমতার ভারসাম্য, তরুণ-শিক্ষিত বেকারদের কর্মসংস্থান, ডিজিটাল প্রযুক্তি, সন্ত্রাস-জঙ্গীবাদ দমন, প্রবাসী কল্যাণ, আইনের শাসনসহ যেসব বিষয় উল্লেখ করা হয়েছে তার সঙ্গে আমরা যেমন একমত তেমনি আমাদের ইশতেহারেও তা উল্লেখ আছে। মনে রাখতে হবে, জাতীয় ঐক্যফ্রন্ট হচ্ছে আমব্রেলা জোট। যেহেতু আমব্রেলা জোটে বিষয়টি উল্লেখ আছে, সে কারণে হয়ত আমাদের এখানে তা উল্লেখ করা হয় নি। আমরা জোটগতভাবে ক্ষমতায় গেলে অবশ্যই ঐক্যফ্রন্টের ইশতেহারে উল্লেখিত সব প্রতিশ্রুতি যেমন বাস্তবায়ন করব, তেমনি যুদ্ধাপরাধের বিচারও সম্পন্ন করব।

প্রসঙ্গত, গত কয়েক বছরে একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসি কার্যকর হয়েছে বিএনপির পুরনো জোট বিশ দলের শরিক জামায়াতের সাবেক আমির মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান

মোহাম্মদ মুজাহিদ, সহকারি সেক্রেটারি  জেনারেল কামারুজ্জামান, আবদুল কাদের মোল্লা ও মীর কাশেম আলীর। এছাড়াও ফাঁসি কার্যকর হয়েছে খোদ বিএনপির প্রভাবশালী নেতা  সাবেক মন্ত্রী সালাহউদ্দিন কাদের চৌধুরীর। আরেক ফাঁসির দন্ডপ্রাপ্ত সাবেক মন্ত্রী আবদুল আলীম ফাঁসি কার্যকরের আগেই কারাগারে মারা যান। একই অপরাধে আজীবন কারাদন্ড পেয়ে কারাগারেই মারা যান জামায়াতে ইসলামীর সাবেক আমীর অধ্যাপক গোলাম আযম। আর আজীবন কারাভোগ করছেন সাবেক নায়েবে আমীর মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদী।

 

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension