বিনোদন

বাবার কবরের পাশেই সমাহিত হবেন আমজাদ হোসেন

রূপসী বাংলা ঢাকা বিনোদন ডেস্ক: প্রখ্যাত পরিচালক আমজাদ হোসেনকে তার শেষ ইচ্ছা অনুযায়ী জামালপুর শহরে বাবার কবরে সমাহিত করা হবে। আজ ২১ শুক্রবার ডিসেম্বর দুপুরে পরিবারের পক্ষ থেকে প্রয়াত এই নির্মাতার বড় ছেলে সাজ্জাদ হোসেন দোদুল জানিয়েছেন, তার বাবাকে জামালপুরে দাদা নূরউদ্দিন সরকারের কবরে সমাহিত করা হবে।

মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে পরিচালক, অভিনয়শিল্পী ও লেখক আমজাদ হোসেনকে দাফন করার কথা শোনা গেলেও শুক্রবার চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়েছে আমজাদ হোসেনের পরিবার। দোদুল জানান, সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য আব্বার মরদেহ আগামিকাল ২২ ডিসেম্বর শনিবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হবে। এরপর নিয়ে যাওয়া হবে কারওয়ান বাজারের এটিএন বাংলা কার্যালয়ে। সেখান থেকে এফডিসিতে। এরপর তেজগাঁওয়ের চ্যানেল আই কার্যালয়ে জানাজা শেষে জামালপুরে নিয়ে যাওয়া হবে।

মৃত্যুর এক সপ্তাহ পর ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতাল থেকে আজ ২১ ডিসেম্বর শুক্রবার রাতে আনা হচ্ছে আমজাদ হোসেনের মরদেহ। রাত ৮টা নাগাদ ঢাকায় আমজাদ হোসেনের মরদেহ বহনকারী বিমানটি পৌঁছানোর কথা। হজরত শাহজালাল (রা.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তার মরদেহ সরাসরি নিয়ে যাওয়া হবে মোহাম্মদপুর বায়তুল আমান জামে মসজিদে। সেখানে জানাজা শেষে শেষবারের মত নিয়ে যাওয়া হবে মোহাম্মদপুরের আদাবরে আমজাদ হোসেনের বাড়িতে। এলাকাবাসীর শেষ শ্রদ্ধা নিবেদন শেষে আমজাদ হোসেনের মরদেহ রাখা হবে বারডেম হাসপাতালের হিমঘরে।

গেল ১৪ ডিসেম্বর বাংলাদেশ সময় দুপুরে ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন না ফেরার দেশে পাড়ি জমান আমজাদ হোসেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর। গেল ১৮ নভেম্বর ব্রেন স্ট্রোক করে রাজধানীর ইমপালস্ হাসপাতালে ভর্তি হন আমজাদ হোসেন। এরপর প্রধানমন্ত্রীর সহায়তায় ২৮ নভেম্বর রাতে তাকে এয়ার-অ্যাম্বুলেন্সে ব্যাংককে নেওয়া হয়।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension