
বিএনপি ও ঐক্যফ্রন্ট অপেক্ষা করছে সেনাবাহিনীর
রূপসী বাংলা ঢাকা ডেস্ক রিপোর্ট: রাজধানীতে নির্বাচনী প্রচার-প্রচারণায় ক্ষমতাসীন দলের প্রার্থীদের একতরফা দাপট লক্ষণীয়। নির্বাচনের মাঠে ক্ষমতাসীনরা একচেটিয়া প্রচার ও প্রচারণা চালিয়ে গেলেও দেখা নেই বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থীদের। গ্রেপ্তার আতঙ্ক, প্রচারণায় বাধা আর আইনশৃঙ্খলা বাহিনীর দ্বারা প্রতিনিয়ত হয়রানি হচ্ছেন তারা এমন অভিযোগ তাদের।
প্রার্থীদের বক্তব্য, ক্ষমতাসীনদের সন্ত্রাসের কারণে তারা মাঠে নামতে পারছেন না। সেজন্য তারা অপেক্ষা করছেন সেনাবাহিনীর মাঠে নামবার। বিএনপি ও ঐক্যফ্রন্টের নেতাকর্মীদের বিশ্বাস, নির্বাচনী টহলে মাঠে সেনাবাহিনী নামলে ভোটের চিত্র পাল্টে যাবে। তখন ক্ষমতাসীনরা আর বিরোধী পক্ষের নির্বাচনী প্রচার-প্রচারণায় বাধা সৃষ্টি করতে সাহস পাবে না।
‘বিএনপি কেন নির্বাচনী মাঠে নামছে না?’- এ সম্পর্কে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী পাল্টা প্রশ্ন রেখে বলেন, তফসিল ঘোষণার পর থেকে ১৯ ডিসেম্বর পর্যন্ত মামলার সংখ্যা ২৫৮টি। এজাহারে জ্ঞাত আসামির সংখ্যা ৪২ হাজার ৬৬৩ জন, অজ্ঞাত আসামির সংখ্যা ৩৬ হাজার ৮৮৩ জন, গ্রেপ্তারের সংখ্যা ৬ হাজার ৬৭৫ জন এবং হত্যার সংখ্যা ৪ জন। মরার ওপর খাড়ার ঘা হিসেবে পুলিশ গত এক সপ্তাহ ধরে বেছে বেছে বিএনপি নেতাকর্মীদের গ্রেপ্তার করতে ক্র্যাকডাউনে নেমেছে। এই অবস্থায় কিভাবে মাঠে থাকবে নেতাকর্মীরা। পুলিশের চোখ ফাঁকি দিয়ে, ক্ষমতাসীনদের সঙ্গে লড়াই করে প্রচারণা চালাতে হচ্ছে। তবে আমরা আশা করি, সেনাবাহিনী মাঠে নামলে নির্বিঘ্নে প্রচারণা চালাতে পারবেন ধানের শীষের প্রার্থী ও নেতাকর্মীরা।
ঢাকায় মোট ২০টি নির্বাচনী আসন। এরমধ্যে ১৫টির অবস্থান রাজধানীতে। এই আসনগুলোর মধ্যে ঢাকা-৪, ৮, ৯, ১১ আসনের প্রার্থীদের ‘কিছুটা’ প্রচার ও প্রচারণায় দেখা গেলেও বাকিদের নির্বাচনী মাঠে প্রায় খুঁজে পাওয়াই যাচ্ছে না। বেশির ভাগ প্রার্থীই গোপনে প্রচারণার চেষ্টা করছেন। নিজেদের লিফলেট, নির্বাচনী কার্ড, প্রচারপত্র তারা বাড়ি বাড়ি গিয়ে দরজার নিচে দিয়ে আসছেন।
বিএনপি ও ঐক্যফ্রন্টের প্রার্থীরা কেন নামতে পারছেন না এর উত্তর খুঁজতে গিয়ে ভোটাররা বলছেন, রাজধানীতে বিএনপিতে হেভিওয়েট প্রার্থীর সংখ্যা কম। যারা আছেন তারাও তুলনামূলক দুর্বল। উদাহরণ হিসেবে তারা মির্জা আব্বাসের কথা বলেন। হেভিওয়েট এই প্রার্থী কিছুটা প্রচারণা চালাতে পারছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থীদের অনেকেই চেষ্টা চালিয়েও ভোটের মাঠে নামতে পারছেন না। আবার কেউ কেউ মাঠে নামার চেষ্টাও করেন নি। প্রার্থীদের অনেকেই বলছেন, কৌশলগত কারণে তারা শোডাউন করতে পারছেন না। রাজধানীতে কোথাও বিএনপির কোনও প্রার্থীর পোস্টার দেখা যাচ্ছে না বললেই চলে। ঢাকা-৮ আসনের ধানের শীষের প্রার্থী মির্জা আব্বাসের শাহজাহানপুরের বাড়ির সামনে কিছু পোস্টার দেখা গেলেও অন্যরা তাও লাগাতে পারেন নি।
ঢাকা-১ আসনে ধানের শীষের প্রার্থী আবু আশফাকের প্রার্থিতা বাতিল করেছেন উচ্চ আদালত। তাই তিনি এখন মাঠে নেই। ভোটের প্রচারণায় প্রথম দিন ঢাকায় বিএনপির কোনও নেতাকে মাঠে দেখা যায় নি। দ্বিতীয় দিনে বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও তার সহধর্মিণী আফরোজা আব্বাসকে লিফলেট বিতরণ করতে দেখা গেলেও আফরোজা আব্বাসসহ মহিলা দলের কয়েকজন কর্মী ও সমর্থককে আওয়ামী লীগ সমর্থকদের হামলার শিকার হতে হয়।
ঢাকা-২ আসনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমানের ছেলে ইফরান ইবনে আমান অমিকে দেখা যায় বিশাল শোডাউন করতে। এরপর আর তাকে মাঠে খুব একটা দেখা যাচ্ছে না।
ঢাকা-৩ আসনে বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বিশাল শোডাউন দিয়েছেন। এরপর থেকে তিনি কৌশল বদলে প্রচারণা চালাচ্ছেন।
ঢাকা-৪ আসনে সালাহউদ্দিন আহমেদও প্রচারণায় কিছুটা এগিয়ে আছেন। প্রতিদিনই তিনি তার নির্বাচনী এলাকায় যাচ্ছেন। তার বাড়িতে ককটেল হামলা, গাড়ি ভাংচুর, কর্মীদের গ্রেপ্তারের মধ্যেও প্রচারণা অব্যাহত রেখেছেন তিনি।
নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করার পর তার ওপর হামলা ও নজরদারি আরও বেড়েছে। তার প্রধান নির্বাচনী এজেন্ট তানভীর আহমেদ রবিন জানান, যত বাধা আসুক প্রচারণায় অব্যাহত থাকবে।
ঢাকা-৫ আসনে নবীউল্লাহ নবীকেও দৃশ্যমান প্রচারণায় দেখা যায়নি।
ঢাকা-১৮ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী সমাজতান্ত্রিক দল জেএসডির কেন্দ্রীয় নেতা শহীদ উদ্দিন মাহমুদ স্বপনকে চেনেন না খোদ তার নির্বাচনী এলাকার মানুষই।
ঢাকা-১৫ আসনে ধানের শীষ প্রতীক তুলে দেওয়া হয়েছে জামায়াতের সেক্রেটারি জেনারেল ডা. মো. শফিকুর রহমানের হাতে। তিনি সিলেটের বাসিন্দা এবং বিগত সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি প্রার্থীর বিরুদ্ধে মেয়র পদে নির্বাচন করে হেরেছেন। ওই এলাকায় বিএনপি ও অঙ্গ সংগঠনগুলোর সঙ্গে তার তেমন পরিচয় নেই বললেই চলে। তবে জামায়াতের পক্ষ থেকে বলা হচ্ছে, পুলিশ তাদের মাঠে নামতেই দিচ্ছে না।
ঢাকা-১১ আসনে লড়ছেন মহানগর উত্তর বিএনপির সভাপতি ও মালয়েশিয়ায় স্বেচ্ছা নির্বাসনে থাকা এমএ কাইয়ুমের স্ত্রী শামীম আরা বেগম। কাইয়ুমের স্ত্রী প্রথম দিকে শোডাউন করার চেষ্টা করলে মামলা হয় ৪টি। পরে পুলিশ তার মিছিলের ছবি তুলে নেতাকর্মীদের ধরে ধরে গ্রেপ্তার করছে বলে অভিযোগ করেন তিনি। পরে অনেকটা চুপসে গিয়ে লিফলেট বিতরণ শুরু করেন তিনি।
ঢাকা-১৩ আসনে বিএনপির প্রার্থী আবদুস সালাম রাজধানী ফকিরাপুল এলাকায় বাসিন্দা। তিনি মোহাম্মদপুর এলাকায় নির্বাচন করছেন। নির্বাচনী এলাকায় বহিরাগত হিসেবে তিনি তার প্রচারণায় পাশে পাচ্ছেন না স্থানীয় নেতাকর্মীদের। মাঠে নামার চেষ্টা করলে তিনিও সরকারি দলের বাধার মুখে পড়ছেন বলে গত বুধবার নির্বাচন কমিশনে অভিযোগ করেন সালাম।
ঢাকা-১৪ আসনে বিএনপির প্রার্থী সৈয়দ আবু বকর সিদ্দিক সাজু। তিনি বিএনপি নেতা প্রবীণ নেতা এসএ খালেকের ছেলে। এসএ খালেক এ আসনের কয়েকবারের সংসদ সদস্য ছিলেন। নির্বাচনী এলাকায় পিতার প্রভাব থাকলেও বড় ধরনের শোডাউন করতে দেখা যায় নি সাজুকে। তার অভিযোগ, পুলিশ ও আওয়ামী লীগের বাধার কারণে তিনি নামতে পারছেন না।
ঢাকা-১৭ আসনে এবার ধানের শীষের প্রার্থী বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ। তিনি ভোলা থেকে গত ২০০৮ সালে নির্বাচন করেন। এখনও দৃশ্যমান কোনও প্রচারণায় তাকে দেখা না গেলেও তার স্ত্রী শেখ শায়রার স্বামীর পক্ষে ধানের শীষের প্রচার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। শেখ শায়রার বাবা শেখ হেলাল বাগেরহাট-১ আসন ও তার ভাই শেখ তন্ময় বাগেরহাট-২ আসন থেকে নৌকা মার্কায় নির্বাচন করছেন। শেখ শায়রার বাবা শেখ হেলাল আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার আপন চাচাতো ভাই।
ঢাকা-৬ আসনে ধানের শীষের প্রার্থী গণফোরামের নির্বাহী সভাপতি এ্যাড. সুব্রত চৌধুরী। এই আসনে বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকার সমর্থকই বেশি। সুব্রত চৌধুরীকে মাঝে মধ্যে লিফলেট বিতরণ করতে দেখা গেলেও বিএনপির নেতাকর্মীদের সেই অর্থে এখনও তার পাশে দেখা যায় নি।
একই অবস্থা ঢাকা-৭ আসনেও। সেখানেও ধানের শীষ পেয়েছেন গণফোরাম সাধারণ সম্পাদক মোস্তফা মহসীন মন্টু। এই এলাকায় বিএনপির মরহুম সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন আহমেদ পিন্টুর সমর্থকরাই বেশি। তার স্ত্রী নাসিমা আক্তার কল্পনা মনোনয়ন চেয়েও পান নি। তাই এই এলাকার বিএনপি নেতাকর্র্মীরা এখনও মন্টুর পাশে এসে দাঁড়ান নি।
ঢাকা-২০ আসনে ধানের শীষের প্রতীক পেয়েছেন তমিজউদ্দিন। আদালতের দ্বারে দ্বারেই ঘুরে তার প্রার্থিতা নিশ্চিত হয়েছে।
ঢাকা- ১০ আসনে এবারের প্রার্থী আব্দুল মান্নান। প্রচারণা চালাতে না পেরে তিনি সংবাদ সম্মেলন করে বলেছেন, এর মধ্যেও শেষ পর্যন্ত তিনি মাঠে থাকবেন।
ঢাকা- ১২ আসনে প্রার্থী যুবদল সভাপতি সাইফুল আলম নীরব। স্বরাষ্ট্রমন্ত্রীর এই আসনে এখনও মাঠেই দেখা যায় নি নীরবকে। স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতিদ্বন্দ্বী হিসেবে ‘নীরব’ নিরবই রয়েছেন বলে নেতাকর্মীরাও কানাঘুষা করছেন। তবে নীরব তা অস্বীকার করে বলেন, ক্ষমতাসীন দলের বাধা ও হামলার মুখে তিনি নির্বাচনী প্রচার চালাতে পারছেন না। সঙ্গে রয়েছে পুলিশের হয়রানিও।
নীরবেরও আশা, ২৪ ডিসেম্বর থেকে নির্বাচনী মাঠে সেনাবাহিনী নামলে ক্ষমতাসীনদের একতরফা মাঠ দখলের অবসান ঘটবে। তখন কিছুটা হলেও বিরোধীদল তাদের নির্বাচনী প্রচারণা চালাতে পারবে।



