
প্রধান খবরবাংলাদেশ
বিজয়ী বিএনপি ও ঐক্যফ্রন্টের ৭ সংসদ সদস্য শপথ গ্রহণ করবেন না
রূপসী বাংলা ঢাকা ডেস্ক রিপোর্ট: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী বিএনপি নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্টের ৭ সংসদ সদস্য শপথ গ্রহণ করবেন না বলে জানিয়েছে বিএনপি।
৩০ ডিসেম্বর নির্বাচনের দিন সন্ধ্যায় সারাদেশের ভোটের ফলাফল প্রায় নিশ্চিত হয়ে যায় একাদশ জাতীয় নির্বাচনে আবারও রাষ্ট্রক্ষমতায় আসছে টানা দুইবারের ক্ষমতাসীন আওয়ামী লীগ। নির্বাচনকে কেন্দ্র করে বিএনপির উচ্চ পর্যায়ের প্রতিক্রিয়া জানতে দেশের বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সংবাদকর্মীরা ভিড় জমান গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে।
চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কারাবন্দী থাকায় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণমাধ্যমের কাছে সবচেয়ে কাঙ্ক্ষিত নেতা। নির্বাচন উপলক্ষ্যে তিনি সারাদিন ছিলেন নিজের এলাকা ঠাকুরগাঁওয়ে। সেখান থেকে বিমানে সন্ধ্যায় তিনি ঢাকায় আসেন।
সংবাদকর্মীদের পাশাপাশি বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আসতে থাকেন দলটির সিনিয়র নেতারাও। এ সময় ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, অ্যাডভোকেট আহমেদ আযম খান, মেজর জেনারেল (অব.) রুহুল আলম চৌধুরী ও যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের সঙ্গে কথা হয়।
সেলিমা রহমান বলেন, আমি এ সাজানো নির্বাচনে অংশ নেওয়ারই পক্ষপাতি ছিলাম না। এখন যে দুই একজনকে নির্বাচিত দেখানো হয়েছে, তাতে শপথ নেওয়ার কিছু আছে বলে আমি মনে করি না।
অ্যাডভোকেট আহমেদ আযম খান বলেন, যে নির্বাচন হয়ে গেল তা আসলে নির্বাচন নয়, রীতিমত ভোট ডাকাতি। জনগণের সঙ্গে প্রতারণা। জনগণের অধিকারকে অবমূল্যায়ণ। জানি না কজনকে (বিএনপির) তারা বিজয়ী দেখাবে। যাই হোক, নির্বাচনের নামে এ ধরণের প্রতারণাকে বৈধতা দেওয়ার জন্য আমাদের নেতারা শপথ নেবেন বলে আমার মনে হয় না।
মেজর জেনারেল (অব.) রুহুল আলম চৌধুরী বলেন, আমরা প্রতারকদের বৈধতা দিতে পারি না।
সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, সরকার বসে সিদ্ধান্ত নিচ্ছে বিএনপিকে কত নিচে নামানো যায়! তাদের এ ধরনের চুরি-ডাকাতি ও নিচুতাকে আমাদের বৈধতা দেওয়ার কিছু নেই। আমার ধারণা যে কজনকেই বিজয়ী দেখানো হোক তারা শপথ নেবেন না।
বিএনপি এসব সিনিয়র নেতাদের পাশাপাশি গতকালই দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বেইলি রোডে জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক সংবিধান প্রণেতা ড. কামাল হোসেনের বাসায় যৌথ সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেছিলেন, যেহেতু আমরা টোটাল নির্বাচনকে প্রত্যাখ্যান করেছি, সেহেতু সংসদ সদস্য হিসেবে আমাদের শপথ নেওয়ার প্রশ্নই উঠে না।
এদিকে, জাতীয় নির্বাচনের একদিন পর সোমবার (৩১ ডিসেম্বর) বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের স্থায়ী কমিটির বৈঠক হয়।
বৈঠক শেষে সন্ধ্যায় বিএনপি মহাসচিব ও জাতীয় ঐক্যফ্রন্টের মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর আবারও বলেন, পুরো রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে রাষ্ট্রীয় সন্ত্রাস করে দেশে একটি নিয়ন্ত্রিত নির্বাচন করা হয়েছে। আমরা এই নির্বাচন পুরোপুরিভাবে প্রত্যাখ্যান করছি। অবিলম্বে এই নির্বাচন বাতিল করে পুনরায় নির্দলীয়, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে হবে।
নির্বাচিতরা শপথ নেবেন কিনা, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, যেহেতু পুরো ফলাফলই আমরা প্রত্যাখ্যান করেছি তাই এখানে শপথ নেওয়ার কোনও সুযোগ নেই।



