
পুরনোরা সফল, নতুনরা নজরদারিতে: প্রধানমন্ত্রী
রূপসী বাংলা ঢাকা ডেস্ক রিপোর্ট: নতুনদের মন্ত্রী বানিয়েছি এর মানে এই নয় যে পুরনোরা ব্যর্থ ছিল। পুরনোরা সফল ছিল বলেই দেশ আজ অনেক দূর এগিয়েছে। নতুনদের মন্ত্রী বানিয়েছি ভবিষ্যত প্রজন্মকে প্রস্তুত করার জন্য।
মঙ্গলবার বিকালে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে নবনির্বাচিত মন্ত্রিসভা ও আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
নবনিযুক্ত মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের সতর্ক থাকতে সাবধান করে দিয়ে তিনি বলেন, ‘কে কী করছেন তা দেখার জন্য আমি আপনাদের সবাইকে কঠোর নজরদারিতে রাখব।’
আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা আরও বলেন, বিএনপি-জামায়াত অশুভ শক্তি যদি এবার কোনভাবে ক্ষমতায় আসতে পারত তাহলে দেশে অসংখ্য লাশ পড়ত। পাকিস্তানি বাহিনী ১৯৭১ সালে যা করেছিল তারা তাই করত।
নির্বাচনে বিএনপির ভরাডুবির বিষয়ে শেখ হাসিনা বলেন, তাদের হারের পেছনে মনোনয়ন বাণিজ্যই মূল কারণ এবং জাতীয় ঐক্যফ্রন্টের অনিশ্চিত নেতৃত্বও আরেকটি কারণ ছিল। নির্বাচনে তারা (জাতীয় ঐক্যফ্রন্ট) যোগ্য প্রার্থীকে মনোনয়ন দেয় নি। তারা মনোনয়ন নিলাম করেছে।
এ সময় নবগঠিত মন্ত্রিসভার মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।



