প্রধান খবরবাংলাদেশরাজনীতি

যারা সংরক্ষিত মহিলা আসনে এগিয়ে

রূপসী বাংলা ঢাকা ডেস্ক রিপোর্ট: শেষ হল একাদশ জাতীয় নির্বাচন। শেষ হল মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের শপথ। এবার শুরু হবে সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য নির্বাচন। নির্বাচন করবেন জনগণের সরাসরি ভোটে নির্বাচিত সংসদ সদস্যরাই। এই প্রক্রিয়া এখনই শুরু হলেও যাছাই-বাছাই করে নির্বাচন হবে ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে। এরই মধ্যে অনেকেই আবেদন করার প্রস্তুতি নিচ্ছেন। তাদের মধ্যে থেকে নাম শোনা যাচ্ছে- অভিনেত্রী শমী কায়সার, রোকেয়া প্রাচী, তারিন জাহান, জ্যোতিকা জ্যোতি, তারানা হালিম, চিত্রনায়িকা কবরী, অঞ্জনা, অপু বিশ্বাস প্রমুখের।


শমী কায়সার

অভিনয় শিল্পী শমী কায়সার আওয়ামী রাজনীতির সঙ্গে জড়িত পারিবারিকভাবেই। তিনি শহীদ বুদ্ধিজীবী ও সাহিত্যিক শহীদুল্লাহ কায়সার ও লেখক পান্না কায়সারের কন্যা। শহীদুল্লাহ কায়সার ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর স্বাধীনতাবিরোধী রাজাকার, আল বদর ও আল সামসের হাতে বুদ্ধিজীবী নিধনে নিহত হন। পান্না কায়সার এর আগে আওয়ামী লীগের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ছিলেন।শমী কায়সার একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-৩ আসনের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেন। কিন্তু মনোনয়ন না পেলেও তিনি দলের মনোনীত প্রার্থীর পক্ষে এলাকায় গণসংযোগ ও প্রচার-প্রচারণায় ব্যস্ত ছিলেন। বলা যায়, আওয়ামী লীগের নির্বাচনে তার ভূমিকা অনেক। সেই সূত্রে তিনি সংসদের সংরক্ষিত মহিলা আসনের জন্য প্রার্থী হন। দলীয় সূত্রে জানা যায়, শমী কায়সারের এক্ষেত্রে অনেকটাই এগিয়ে আছেন। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘দল যা ভালো মনে করবে আমি এর সঙ্গে একমত। আমি সংরক্ষিত আসনে নির্বাচিত হই বা না হই দলীয় শৃঙ্খলা মেনে দলের হয়েই কাজ করে যাব।’


রোকেয়া প্রাচী

অভিনয় শিল্পী ও নাট্যনির্মাতা রোকেয়া প্রাচী শিক্ষা জীবন থেকেই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। তিনি বর্তমানে মহিলা আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করে আসছেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি ফেনী-৩ আসন থেকে দলীয় মনোনয়ন প্রত্যাশা করেন। কিন্তু মনোনয়ন না পেলেও তিনি মনোনীত প্রার্থীর পক্ষে মাঠ কাজ করেন। প্রচার-প্রচারণায় অংশগ্রহণ করে প্রার্থীকে বিজয়ী করে আনেন। এখন তিনি সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য পদের জন্য প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক। তাঁকেই আমি মনেপ্রাণে ভালোবাসি। তাই আওয়ামী লীগের সঙ্গে আছি আজীবন। এখন আমি সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য পদের জন্যও আবেদন করব। দল যদি আমাকে যোগ্য মনে করে তাহলে নির্বাচিত করবে। না করলেও আমি দলের যে কোনও আদেশ-নির্দেশ মেনে চলব।’ তিনি বলেন, ‘আমি সংরক্ষিত আসনের জন্য নিজেকে প্রস্তুত করছি। আশা করি, দল আমাকে সুবিবেচনায় রাখবে। তাছাড়া প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নিশ্চয়ই আমার কর্মকাণ্ড সম্পর্কে অবগত আছেন। তিনি আমাকে সঠিক মূল্যায়ন করবেন।’

তারানা হালিম

তারানা হালিম একধারে নাট্যনির্মাতা ও অভিনয় শিল্পী । তিনি আওয়ামী রাজনীতির সঙ্গে যুক্ত শিক্ষাজীবন থেকেই। গেল দুবারে পরপর আওয়ামী লীগ সমর্থিত সংরক্ষিত মহিলা আসনের তিনি সংসদ সদস্য। শুধু তাই নয়, গেল বার তিনি দলীয় মনোনয়নে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী এবং সর্বশেষ তথ্যপ্রতিমন্ত্রী হিসেবে সাফল্য দেখিয়েছেন। তিনিও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন প্রার্থনা করেছেন। কিন্তু টিকিট না পেয়ে নির্বাচনে আওয়ামী লীগের প্রচারণায় দেশব্যাপী কাজ করেন।

তারানা হালিমসদ্য অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের হয়ে একঝাঁক তারকা নিয়ে দেশব্যাপী আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের হয়ে জনসংযোগ করেন। বিশেষ করে উত্তরবঙ্গে তিনি রাতদিন পরিশ্রম করে, তারকাদের নিয়ে নাচ-গান করে, নাটিকা মঞ্চস্থ করে, ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনা করেন। তাই তার অবদানের কথা দল মূল্যায়ন করবে বলে তিনি মনে করেন।

সারাহ বেগম কবরী

জনপ্রিয় অভিনয় শিল্পী চলচ্চিত্রের মিষ্টি নায়িকাখ্যাত কবরীও আওয়ামী রাজনীতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তিনি নবম জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৪ আসন থেকে আওয়ামী লীগের টিকিটে সংসদ সদস্য নির্বাচিত হন। গেল দুবারও তিনি দলীয় মনোনয়ন প্রত্যাশা করেন। দল তাকে মনোনয়ন না দিলেও তিনি দলের হয়ে বিভিন্ন কাজে অংশগ্রহণ করেছেন। এবার তিনি সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য হওয়ার আবেদন করবেন।
এ বিষয়ে তিনি বিভিন্নভাবে বলেছেন দল তাকে যোগ্য মনে করলে মনোনয়ন দেবে। আর না দিলেও তিনি দলের সঙ্গেই থাকবেন। তবে তিনি সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য হওয়ার জন্য নিজেকে প্রস্তুত করছেন। দলীয় সিদ্ধান্তের বাইরে তিনি কিছুই করবেন না। কারণ তিনি বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী। তাই দল যখন ক্ষমতার বাইরে ছিল তখনও তিনি দলের সঙ্গেই ছিলেন। এখন দলের সাফল্যে তারও গর্ব হয়। এমন একটি দলের সঙ্গে থাকাও ভাগ্যের ব্যাপার বলে তিনি মনে করেন।

অপু বিশ্বাস

সংরক্ষিত মহিলা আসনের আলোচনায় আছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। নির্বাচনের আগে গুজব ওঠে- তিনি আওয়ামী লীগের মনোনয়নে বগুড়া থেকে নির্বাচন করবেন। কিন্তু তার মনোনয়ন না কেনার মধ্যে দিয়ে এটি আর বাস্তব হয় নি। এখন সংরক্ষিত আসনের জন্য তিনি মনোনয়ন প্রত্যাশা করছেন বলে জানা যায়। অপু বিশ্বাস বলেন, ‘আমি ছোটবেলা থেকেই বঙ্গবন্ধুর আদর্শে বেড়ে উঠেছি। তাঁর রাজনৈতিক জীবন আমাকে ছোটবেলা থেকেই প্রভাবিত করেছে। বড় হয়ে দেখেছি বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার আদর্শ। তাঁর ব্যক্তিগত ব্যবহার, নেতৃত্ব, মানবিকতার সুনাম আজ বিশ্বব্যাপী। আমার ব্যক্তিজীবনেও তাঁর কাছ থেকে সাহস পেয়েছি, ধৈর্যশীলতার পরামর্শ পেয়েছি। এখন আমি তাঁর নেতৃত্বে কাজ করার সুযোগ চাই’।


শোবিজ তারকাদের মধ্যে থেকে সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য হওয়ার মনোনয়ন প্রত্যাশা করছেন ছোটপর্দার অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি, তারিন জাহান, চিত্রনায়িকা অঞ্জনাসহ আরও অনেকে। এর মধ্যে জ্যোতিকা জ্যোতি গত নির্বাচনে ময়মনসিংহ-৩ আসন থেকে মনোনয়ন কেনেন। কিন্তু দলীয় টিকিট না পাওয়ায় তিনি দলীয় সিদ্ধান্ত মেনে মনোনীত প্রার্থীর পক্ষে কাজ করেন। অন্যদিকে তারিন জাহানও নির্বাচনে মনোনয়ন চাওয়ার ব্যাপারে আলোচনায় আসেন। তিনিও মনোনয়ন থেকে বাদ পড়লেও দলের সঙ্গেই আছেন। এবার তিনিও সংরক্ষিত মহিলা আসনের একজন প্রার্থী। দলীয় সিদ্ধান্ত মেনেই তিনি দলের সাথে আজীবন থাকতে চান। চিত্রনায়িকা অঞ্জনা নির্বাচনে দলীয় মনোনয়ন না চাইলেও তিনি এবার সংরক্ষিত আসনের জন্য মনোনয়ন চাইবেন বলে জানা গেছে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension