
কে হবেন প্রধানমন্ত্রী? উত্তর দিলেন মমতা
রূপসী বাংলা কলকাতা ডেস্ক: লক্ষ্য একটাই, ‘রাজধানীর মসনদে বদল’৷ দিল্লির সিংহাসন থেকে মোদী সরকারকে উত্খাত করতে ঐক্যবদ্ধ হওয়ার বার্তা প্রত্যেক নেতার মুখে মুখে। আর এই পরিস্থিতিতে খুব প্রাসঙ্গিকভাবেই উঠে এলো, একটাই প্রশ্ন। ২০১৯ লোকসভা নির্বাচনে বিজেপি বিরোধী জোট ক্ষমতা এলে, পরবর্তী প্রধানমন্ত্রী কে হবেন? অবস্থান স্পষ্ট করলেন তৃণমূল সুপ্রিমো৷ ব্রিগেডের মঞ্চে মমতা জানিয়ে দিলেন, ‘আমরা সবাই রাজা৷’
মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী এদিন বলেন, ‘‘কেউ এককভাবে গুরুত্বপূর্ণ নয়। যৌথ নেতৃত্বে জোড় দেওয়া হচ্ছে। মহা জোটের সবাই নেতা। আমাদের গণতন্ত্রে আমরা সবাই প্রজা। প্রধানমন্ত্রী কে হবে, তা ভাবার দরকার নেই। নির্বাচনের পর আমরা ঠিক করব, কে প্রধানমন্ত্রী হবে।’’

রাজনৈতির পর্যবেক্ষকদের মতে, জোটের কোন দল কত আসন পাবে তার নীরিখেই হবে প্রধানমন্ত্রী নির্বাচন৷ প্রশ্ন কে হবে জোটের ভরকেন্দ্র৷ তৃণমূল নেত্রীর কথা মতো ‘সবাই রাজা’ হলে জোটে নিয়ন্ত্রণ থাকবে তো? প্রশ্ন উঠছেই৷
ব্রিগেডের মঞ্চে উপস্থিত ছিলেন বিজেপি বিরোধী ২৩টি রাজনৈতিক দলের নেতৃত্ব৷ সেখানই কেন্দ্রের বিজেপি সরকারকে তীব্র আক্রমণ করেন সবাই৷ কংগ্রেসের খাগড়ে থেকে টিডিপির চন্দ্রবাবু নাইডু, কাশ্মিরের ফারুক আবদুল্লা, কুমারস্বামী, গো-বলয়ের এসপি, বিএসপি, সহ নানা দলের নেতারা বলেন বিরোধীদের উপর প্রতিহিংসার রাজনীতি করতে গিয়ে দমন চালানো হচ্ছে৷ কেন্দ্রীয় সংস্থার স্বাধীনতা খর্ব হয়েছে৷ মানুষের উপর চাপ বাড়ানো হয়েছে কৃত্তিমভাবে৷ এই পরিস্থিতিতে মোদীর পতন চাই৷
এদিন আরও একবার প্রধানমন্ত্রীকে হিটলার, মুসোলিনির সঙ্গে তুলনা করেন মমতা৷ ব্রিগেড থেকেই বিজেপিকে রুখতে আন্দোলনের দিক নির্দেশ করে দেন তিনি। বলেন, ‘‘বাংলায় পথ দেখালো৷ ঐক্যবদ্ধভাবে লড়তে হবে সবাইকে৷ মোদীর জনবিরোধী নীতি, দুর্নীতি, বিভেদের রাজনীতি দেশবাসীর সামনে তুলে ধরতে হবে৷ কাশ্মীর থেকে অন্ধ্রপ্রদেশ, অসম থেকে মহারাষ্ট্র সর্বত্র জোটের সবা করা উচিত৷ দলের রাজ্য নেতৃত্বকে তাঁর নির্দেশ, ‘‘বিজেপি কুত্সা রটালেই প্রতিবাদে পথে নামুন।’’

তৃণমূল নেত্রীর মতে, ‘‘মোদী সরকারের এক্সপায়ারি ডেট হয়ে গিয়েছে। বাংলার মাটি স্বাধীনতা আন্দোলনের, নবজাগরেণর পথ দেখিয়েছে। যখন-ই কোনও বিপদ এসেছে, তখন-ই বাংলা পথ দেখিয়েছে।” মুখ্যমন্ত্রীর দাবি মোদী সরকারের শেষের শুরু হল এই ব্রিগেডের মঞ্চ থেকেই৷ এদিন ফের এনআরসি ইস্যুতেও সুর চড়ান মমতা বন্দ্যোপাধ্যায়। অভিযোগ করেন, নাগরিকত্ব সংশোধনীর নামে উত্তর-পূর্বে মানুষ নিধন চলছে।
‘আচ্ছে দিন’-এর প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতা এসেছিল মোদী সরকার। ব্রিগেডের মঞ্চ থেকে সেই ‘আচ্ছে দিন’কে কটাক্ষ করেন তৃণমূল নেত্রী। তাঁর কথায়, ‘‘অনেক হয়েছে আচ্ছে দিন, মোদী সরকারকে বাদ দিন৷’ তবে বিরোধী জোটের প্রধানমন্ত্রীত্বের প্রশ্নে এদিনও নেত্রীর এক-রা৷



